তালায় ক্ষিতিশ ম-ল হত্যা: বাম নেতাদের কাছে নিরাপত্তাহীনতার কথা জানাল পরিবার
সংবাদদাতা: খুলনার ডুমুরিয়া ও সাতক্ষীরার তালা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ক্ষিতিশ ম-লকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবি জানানো হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর নিজ ঘেরের বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ক্ষিতিশ ম-লকে একটি ঘেরে আটকে রাখা হয়। সেখানে চোর অপবাদ দিয়ে লোহার রড, হাতুড়ি ও ইট দিয়ে তার দুই পা ও বুকের পাঁজর ভেঙে চুরমার করা হয়। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সুলেখা ম-ল, দেবর সুকুমার ম-ল ও চাচাতো দেবর প্রকাশ ম-ল সোমবার জিয়ালা পূর্বপাড়ায় গেলে বাম জাসদ নেতা প্রফেসর ইদ্রিস আলী, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, প্রকাশ সরকার ও সংবাদকর্মীদের কাছে এই বর্বরোচিত ঘটনার বিবরণ দেন। তারা জানান, ঘটনার পরপরই ১০ জনের নামে মামলা করা হলেও প্রভাবশালী আসামিরা বাদীপক্ষকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। আসামিরা মামলা তুলে না নিলে নিহতের ছেলেকে দেশছাড়া করার হুমকি দিচ্ছে। এ অবস্থায় তারা পুলিশ সুপার, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের কাছে দ্রুত আসামি গ্রেপ্তারের পাশাপাশি নিজেদের নিরাপত্তা দাবি করেন।
জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার জানান, রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষিতিশ ম-লকে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সর্বস্তরে আন্দোলন গড়ে তোলা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও তালা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান মোল্লা জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।











