তালায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে পাটকেলঘাটা বাজারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহসভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপির রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও মানুষের কল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও অবদানের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এসব কর্মসূচি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নেতাকর্মীদের রাজনৈতিক বিভ্রান্তি ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।






