দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Oplus_131072
কে এম রেজাউল করিম, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
সভায় সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা জোরদার এবং মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধ দমনে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
শামীম হত্যাকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওসি এইচ এম শাহীন বলেন, পুলিশ এ ঘটনায় তৎপর রয়েছে। নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সভাপতির বক্তব্যে ইউএনও মিলন সাহা দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।









