শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

দেবহাটায় এতিম শিশুদের বিনা মূল্যে দুধ পান করাল সখিপুর দুগ্ধ সমবায় সমিতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
দেবহাটায় এতিম শিশুদের বিনা মূল্যে দুধ পান করাল সখিপুর দুগ্ধ সমবায় সমিতি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় এতিম শিশুদের বিনা মূল্যে দুধ পান করিয়েছে সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সখিপুর দুগ্ধ সমবায় সমিতির কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।

সমবায় অধিদপ্তরের ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প ও সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মণ্ডল, সখিপুর দুগ্ধ সমবায় সমিতির সভাপতি রবিউল ইসলাম মিঠু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং বিভিন্ন এতিমখানা থেকে আসা শিশুরা।

Ads small one

ভোমরা দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
ভোমরা দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল

পত্রদূত ডেস্ক: ভারত থেকে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশের গুঞ্জনকে কেন্দ্র করে সাতক্ষীরায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ খবরের প্রতিবাদ এবং সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের আহ্বান জানিয়ে মশাল মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা এবং জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপন।

বক্তারা বলেন, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শেখ হাসিনার দেশে প্রবেশের একটি খবর তাঁদের নজরে এসেছে। তবে এ খবরের সত্যতা নিয়ে কোনো নিশ্চিত তথ্য উল্লেখ না করেই তাঁরা এর প্রতিবাদে কর্মসূচি পালন করেছেন। তাঁরা বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। এ বিষয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।

কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সাতক্ষীরার রইচপুরে হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরার রইচপুরে হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব

সংবাদদাতা:  সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রইচপুরে আট দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রইচপুর ব্রিজসংলগ্ন ফারুকের দোকানের পাশের মাঠে অনুষ্ঠিত ফাইনালে টিম সাইদুলকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম সাকিব।

স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট দেখতে মাঠ ও আশপাশে প্রায় দুই থেকে আড়াই হাজার দর্শকের সমাগম ঘটে। প্রতিযোগিতায় আটটি দলের ৭২ জন স্থানীয় খেলোয়াড় অংশ নেন।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো—টিম পলাশ, টিম সাকিব, টিম ফারুক, টিম আলম, টিম সাইদুল, টিম জনি, টিম ফরহাদ ও টিম শওকাত।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যের হাডুডু খেলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদার করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য। খেলা চলাকালে বক্তারা সুস্থ সমাজ গঠনে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্টে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আলহাজ্ব কবির হোসেন। খেলা পরিচালনায় ছিলেন আব্দুস সামাদ এবং সহকারী পরিচালক মুজাহিদ আল মাসুদ। এ ছাড়া উদ্যোক্তা ফারুক হোসেন, ধারাভাষ্যকার মো. জাকির হোসেন, সহকারী রেফারি ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পাইকগাছায় নকল ডাকের ফাঁদে নির্বিচারে শিকার হচ্ছে পরিযায়ী পাখি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
পাইকগাছায় নকল ডাকের ফাঁদে নির্বিচারে শিকার হচ্ছে পরিযায়ী পাখি

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে পরিযায়ী পাখি শিকারের প্রবণতা বেড়েছে। পাখির ডাক নকল করে বাঁশি, সাউন্ড বক্স ও মোবাইলে ধারণ করা শব্দ ব্যবহার করে বিভিন্ন বিল ও জলাশয়ে ফাঁদ পেতে চলছে পাখি শিকার। এতে পরিযায়ী পাখির পাশাপাশি দেশীয় প্রজাতির পাখিও ঝুঁকির মুখে পড়েছে।

প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতে হিমালয়, সাইবেরিয়াসহ শীতপ্রধান অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খাল-বিল ও জলাশয়ে এসব পাখির দেখা মিলছে। আর এই সুযোগে অসাধু শিকারিরা কৃত্রিমভাবে পাখির ডাক বাজিয়ে পাখিদের আকৃষ্ট করে জাল ও বিভিন্ন ফাঁদে আটকে শিকার করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিকারিরা বিলের বিস্তীর্ণ এলাকায় বাঁশ পুঁতে জাল টাঙিয়ে এবং কৃত্রিম পাখি বসিয়ে ফাঁদ তৈরি করছে। মোবাইল বা সাউন্ড বক্সে পাখির ডাক বাজিয়ে পাখিদের নিচে নামানো হচ্ছে। এসব ফাঁদে বালিহাঁস, কালিম, বক, বুরিসহ বিভিন্ন প্রজাতির পাখি আটকা পড়ছে। কোথাও কোথাও বিষ মেশানো খাবার ব্যবহার করেও পাখি শিকারের অভিযোগ রয়েছে।

উপজেলার কচুবুনিয়া, বাসাখালী, বাইশারাবাদ, তেঁতুলতলা, লতা, হানিমুনকিয়া, বাহিরবুনিয়া, দেলুটি, সোলাদানা, চকবগুড়া, খড়িয়া, আমিরপুর, বাইনবাড়ীয়া ও কুমখালীসহ বিভিন্ন এলাকার ধানক্ষেত, খাল-বিল, জলাশয় ও চিংড়িঘেরে পাখির বিচরণ রয়েছে। শিকারিরা সাধারণ মানুষের চোখ এড়াতে রাতের বেলায় এসব স্থানে ফাঁদ পেতে ভোরের দিকে তা তুলে নেয় বলে স্থানীয়দের অভিযোগ।

শিকার করা পাখি গোপনে স্থানীয় হাটবাজারে বিক্রি করা হচ্ছে। এমনকি মুঠোফোনে অর্ডার দিলে মোটরসাইকেলে করে ক্রেতাদের বাড়িতে পাখি পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘন করে পাখি শিকার করলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিলে অভিযান চালিয়ে জাল ও কৃত্রিম ফাঁদ ধ্বংস করা হলেও শিকার পুরোপুরি বন্ধ হয়নি।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, পাখি শিকার আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাখি শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। শিকারিদের শনাক্ত করতে উপজেলার বিভিন্ন বিলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

প্রকৃতিপ্রেমীদের মতে, নির্বিচারে পাখি শিকার অব্যাহত থাকলে জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়বে। তাই পরিযায়ী ও দেশীয় পাখি রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করা জরুরি।