দেবহাটার চরবালিথায় ঘেরের নেট কেটে মাছ নেওয়ার অভিযোগ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার কুলিয়া ইউনিয়নের চরবালিথা গ্রামে এক মৎস্যঘের মালিকের সীমানা নেট কেটে রুই মাছের পোনা নিজের ঘেরে নেওয়ার অভিযোগ উঠেছে। ৩ আগস্ট সোমবার সকালে গ্রামবাসীর উপস্থিতিতে বেড় জাল টেনে অভিযুক্তের ঘের থেকে প্রায় ৬-৭ মণ রুই মাছের পোনা উদ্ধার করে ক্ষতিগ্রস্ত মালিকের ঘেরে ফেরত দেওয়া হয়।
স্থানীয়রা জানান, গ্রামের রবিউল ইসলাম তাঁর সাড়ে তিন বিঘা জমিতে রুই মাছের পোনা চাষ করছিলেন। পাশের দেড় বিঘা উঁচু জমিতে ছোট চিংড়ি চাষ করছিলেন আ. মাজেদ। অভিযোগ ওঠে, বাঁধ ছিদ্র করে ও রাতের আঁধারে নেট কেটে রবিউলের ঘেরের রুই মাছের পোনা নিজের ঘেরে ঢুকিয়ে নেন মাজেদ।
সোমবার সকালে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলামসহ এলাকাবাসীর উপস্থিতিতে আব্দুল মাজেদের ঘেরে বেড় জাল টানা হলে ৬ থেকে ৭ মণ রুই মাছের পোনা পাওয়া যায়। পরে উপস্থিত সবার সম্মতিতে মাছগুলো রবিউলের ঘেরে ছেড়ে দেওয়া হয়। আব্দুল মাজেদ জানান, তিনি ইচ্ছাকৃতভাবে এটি করেননি, ইঁদুরের গর্তের কারণে মাছ তাঁর ঘেরে ঢুকে থাকতে পারে।









