নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রসুলপুরের জয়
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কেশবপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়েছে রসুলপুর ফুটবল একাদশ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় নগরঘাটা কালীবাড়ি ফুটবল মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক।
নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন। সভাপতির বক্তব্যে মহব্বত আলী সরদার তরুণদের অনলাইন জুয়া, মাদক ও সামাজিক বিশৃঙ্খলা থেকে দূরে থেকে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
৬০ মিনিটের খেলায় দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে রসুলপুরের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় রায়হান গোল করে দলকে এগিয়ে নেন। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রসুলপুর ফুটবল একাদশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদ হোসেন মিলন, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সাহেব আলী, ব্যবসায়ী ইনসাফ আলী সরদার এবং সাংবাদিক মারুফ হুসাইন। খেলায় ধারাভাষ্য দেন ওমর আলী সবুজ ও ইকবাল হোসেন।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।









