শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার শিশু ইব্রাহিম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার শিশু ইব্রাহিম

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর ১০ বছরের শিশু ইব্রাহিম হোসেনকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে পাটকেলঘাটা এলাকা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ ও স্বজনেরা।

নিখোঁজ ইব্রাহিম সাতক্ষীরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর দক্ষিণপাড়ার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে। সে শহরের ইটাগাছা দারুল উলুম মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বেলা চারটার দিকে নিজ বাড়ির সামনে সুলতানপুর দক্ষিণপাড়া বায়তুল্লাহ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় ইব্রাহিম। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

 

এ বিষয়ে শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৭১৭) করা হয়েছিল। অবশেষে শনিবার রাতে পাটকেলঘাটা থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়।

Ads small one

মোংলা ইপিজেড পরিদর্শন করলেন ইপিবি ভাইস চেয়ারম্যান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৭ পূর্বাহ্ণ
মোংলা ইপিজেড পরিদর্শন করলেন ইপিবি ভাইস চেয়ারম্যান

পত্রদূত ডেস্ক: মোংলা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আরিফ হাসান।

শনিবার তিনি মোংলা ইপিজেডের রফতানিমুখী কারখানা ‘জিনলাইট বাংলাদেশ লিমিটেড’ এবং ‘ভিআইপি লাগেজ বিডি লিমিটেড’ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপসচিব মো. বজলুর রশীদ, খুলনা ইপিবি পরিচালক (উপসচিব) জিনাত আরা আহমেদ, বেপজা ও রপ্তানিমুখী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তী সময়ে ইপিবি ভাইস চেয়ারম্যান পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। সন্ধ্যায় খুলনা চেম্বার অব কমার্সের সভাকক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

 

 

 

বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরবিদ্যুতে জোর দিচ্ছে সরকার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরবিদ্যুতে জোর দিচ্ছে সরকার

পত্রদূত ডেস্ক: দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে সৌরবিদ্যুৎ উৎপাদনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার।

শনিবার দুপুরে যশোর ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ের প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে রুফটপ ও গ্রাউন্ড-মাউন্টেড সোলার প্রকল্পের পাশাপাশি জলবিদ্যুৎসহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি উৎসের প্রসার ঘটানো হচ্ছে। পাশাপাশি দেশের সেচ পাম্পগুলোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। বিদ্যুতের সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় প্রতিটি সরকারি-বেসরকারি দপ্তরে রুফটপ সোলার প্যানেল বসানোর আহ্বান জানান তিনি।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নুর আহমদ, জিআইজেডের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ও সঞ্চালক সচিব তাহমিলুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় চেম্বার অব কমার্স ও প্রেসক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের প্রস্তুতিমূলক সভায় যোগ দেন।

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযানের শুরুতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকার জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং অপরিচ্ছন্ন স্থানগুলো পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইচউদ্দিন, জামায়াতের উপজেলা আমির ও কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর-রশীদ, উপসহকারী কৃষি কর্মকর্তা আবির হোসেন, পৌরসভার সচিব তুষার কান্তি, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও শিক্ষক বাকী বিল্লাহ শাহী উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের চারপাশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখা হবে।