কলারোয়ায় টিসিবির পণ্য বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সংবাদদাতা: কলারোয়া পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ব্যাগের দাম ও খুচরা টাকার অজুহাতে গ্রাহকদের কাছ থেকে এই অর্থ নেওয়া হচ্ছে।
২৬ সেপ্টেম্বর কলারোয়া পৌরসভা এলাকায় মেসার্স স্বপ্নিল স্টোর নামের একটি ডিলার প্রতিষ্ঠানের পণ্য বিতরণকালে এ ঘটনা ঘটে। ৫টি পণ্যের নির্ধারিত খুচরা মূল্য ৪৫৮ টাকা এবং ৬ টাকার একটি ব্যাগের দামসহ সর্বমোট ৪৬৪ টাকা হওয়ার কথা থাকলেও, গ্রাহকদের কাছ থেকে ৪৭০ টাকা করে আদায় করা হয়। এর ফলে একদিনে ৯২৮ জন কার্ডধারীর কাছ থেকে মোট ৫,৫৬৮ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযুক্ত ডিলার ওহিদুজ্জামানের স্থায়ী নিবাস লাঙ্গলঝাড়া ইউনিয়নে হলেও তিনি পৌরসভায় কার্যক্রম চালাচ্ছেন। এ ছাড়া নামে-বেনামে কলারোয়া ও সাতক্ষীরা সদরে একাধিক ডিলারশিপ দখলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর সেলফোন বন্ধ পাওয়া যায়। সাধারণ মানুষ এ ঘটনায় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।












