বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক ১৪

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক ১৪

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় থানা পুলিশের পৃথক অভিযানে নাশকতা, জুয়া ও অন্যান্য মামলায় মোট ১৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরআবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসআই নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি দল টাকার বিনিময়ে তাস খেলার সময় ছয়জনকে আটক করে। এ সময় জুয়ার টাকা ও খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মৃত আবতাপ গাজীর ছেলে রশিদ গাজী (৫৫), আবুল কাসেমের ছেলে আমিরুল (৩৮), মৃত সামাদের ছেলে সফিকুল (৬০), জব্বার গাজীর ছেলে আব্দুর রহমান, জনাব মোল্লার ছেলে খানজাহান মোল্লা (৬২) এবং জামান মোল্লার ছেলে সাইফুল (৩৫)। এ ঘটনায় পাইকগাছা থানায় জুয়া আইনে মামলা হয়েছে। মামলার নম্বর ৪/২৬।

এদিকে, মঙ্গলবার রাতে নগরশ্রীরামপুর গ্রামের আব্দুল মজিদ হাজরার ছেলে হরিঢালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুজাহিদুল হাজরা (৪৮) এবং বুধবার সকাল ১১টার দিকে গদাইপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে ছাত্রলীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. ফারজাহান পারভেজ ওরফে রুমি (২৫) কে নাশকতার মামলায় আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলায় আরও ছয়জনকে আটক করা হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Ads small one

ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর মৃত্যু

সংবাদদাতা: যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লাউজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা বলে ধারণা করলেও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এর আগের দিন বুধবার একই এলাকায় ট্রেনের ধাক্কায় একটি কাভার্ডভ্যানের চালক নিহত হন। পরপর দুই দিনে একই এলাকায় রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

দৈনিক হৃদয় বার্তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
দৈনিক হৃদয় বার্তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা চার বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের ম্যানগ্রোভ সভাঘরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি বস্তুনিষ্ঠ সংবাদ, নিরপেক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। দৈনিক হৃদয় বার্তা সাতক্ষীরার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে পাঠকের আস্থা অর্জনের চেষ্টা করছে। সমাজের অনিয়ম ও জনদুর্ভোগের পাশাপাশি ইতিবাচক উদ্যোগ ও সম্ভাবনার খবর প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকেরা। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

কলারোয়া প্রতিনিধি: দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধনের অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়ায় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় খুলনা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন। কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মীর রফিকুল ইসলাম, বাফুফের জেলা সদস্য সাইফুল ইসলাম বাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক ও সাংবাদিকেরা।