পাইকগাছার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি: বাপ্পী
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত দক্ষিণ উপকূলীয় জনপদ পাইকগাছা ও কয়রা। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ এবং কৃষি ও মৎস্য খাতে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পাইকগাছা জিরো পয়েন্টে নিজ কার্যালয়ে খুলনা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির পাইকগাছা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বাপ্পী বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন ও যাত্রীসেবার মান বাড়াতে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। টার্মিনাল না থাকায় অধিকাংশ বাস সড়কের ওপর রাখা হয়। এতে যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। জমিসংক্রান্ত জটিলতা নিরসন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত আধুনিক বাস টার্মিনাল নির্মাণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রীসেবা নিশ্চিত করতে মালিক-শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে বাস মালিক সমিতির পক্ষ থেকে বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সমিতির পাইকগাছা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমরেশ কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল আলম নান্নু, এসএম এনামুল হক, আসলাম পারভেজ, এসএম ইমদাদুল হক, অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ বিএনপি ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বাস মালিক সমিতির নেতারা বর্তমান টার্মিনাল সংকটের কারণে সৃষ্ট যানজট ও যাত্রীদের দুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত আধুনিক বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান।









