তালার সরুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের উঠান বৈঠক
সংবাদদাতা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভারসা গ্রামে স্থানীয়দের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডের তৈলকুপি, পাটকেলঘাটা বাজারের টাওয়ার রোড, খেয়াঘাটা রোড ও পল্লী বিদ্যুৎ রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক শেখ জিল্লুর রহমান বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে সরুলিয়া ইউনিয়নকে আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি অবহেলিত রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচিত হলে সুখে-দুঃখে মানুষের পাশে থেকে সেবক হিসেবে কাজ করতে চান তিনি।
বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দোয়া ও সমর্থন কামনা করেন।












