রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

পাটকেলঘাটার ইতিহাস-ঐতিহ্য: ভৈরব, মাথাভাঙ্গা ও কপোতাক্ষের সাক্ষী এক জনপদ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
পাটকেলঘাটার ইতিহাস-ঐতিহ্য: ভৈরব, মাথাভাঙ্গা ও কপোতাক্ষের সাক্ষী এক জনপদ

এমএম জামান মনি, পাটকেলঘাটা: সাতক্ষীরা জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক জনপদ পাটকেলঘাটা। ভৈরব ও মাথাভাঙ্গা নদীর মিলনস্থলে সৃষ্ট কপোতাক্ষ নদের তীর ঘেঁষে গড়ে ওঠা এ জনপদের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িয়ে আছে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার সঙ্গে। তবে কবে, কোথায় ও কীভাবে পাটকেলঘাটার উৎপত্তি, তার সুনির্দিষ্ট কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায় না। প্রচলিত ধারণা অনুযায়ী, সপ্তদশ শতকের প্রথম দিকে এ জনপদের যাত্রা শুরু।

পাটকেলঘাটার উৎপত্তি নিয়েও রয়েছে একাধিক মত। এক পক্ষের ধারণা, নৌপথে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুবিধার কারণে বিভিন্ন এলাকার মানুষ এখানে আসতেন। নদীর ঘাটে নৌকা, স্টিমার ও লঞ্চ ভিড়ত। সেই ঘাট থেকেই ‘পাটকেলঘাটা’ নামের উৎপত্তি হতে পারে। অন্য একটি মত অনুযায়ী, ইট, পাটকেল, চুন ও পাথরের মতো নির্মাণসামগ্রী ব্যবসায়িক ও ব্যক্তিগত প্রয়োজনে এখানে এনে রাখা হতো। ‘পাটকেল’ ও ‘ঘাট’ শব্দের সমন্বয়ে নামটির উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন।

পাটকেলঘাটার চারপাশে রয়েছে কয়েকটি প্রাচীন গ্রাম। উত্তরে পারকুমিরা, পশ্চিমে চৌগাছা, দক্ষিণে রাজেন্দ্রপুর ও তৈলকূপী এবং পূর্বে কপোতাক্ষ নদ। স্থানীয় ইতিহাস থেকে জানা যায়, রাজেন্দ্রপুর গ্রামের ঘোষ পরিবারের লোকজন এখানে প্রথম দোকানপাট গড়ে তোলেন। তৈলকূপী গ্রামের সাধু খাঁ পরিবারের কলকাতার সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ ছিল। বিশেষ করে কেরোসিনের ব্যবসায় তাঁদের ভূমিকা উল্লেখযোগ্য। উনিশ শতকের মাঝামাঝি সময়ে চৌগাছা গ্রামের নেহাল উদ্দীন শেখ ও কামাল উদ্দীন শেখ এখানে চিটাগুড়ের কারখানা স্থাপন করেন। তাঁদের উৎপাদিত গুড় বরিশাল, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। পাটকেলঘাটার বাজারের প্রাথমিক বিকাশে ঘোষ পরিবারের পাশাপাশি তৈলকূপীর অম্বিরকাচন ভট্টাচার্য ও বজলুল করীম বিশ্বাসের অবদানও স্মরণীয়।পরবর্তী সময়ে পাটকেলঘাটার আধুনিকায়নে শহীদ স ম আলাউদ্দীন, প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, এ বি এম আলতাফ হোসেন, হাবিবুল ইসলাম হাবিব, আবু বক্কার বিশ্বাস, মোবারক আলী, শেখ নূরুল ইসলাম ও মতিয়ার রহমানসহ বিভিন্ন ব্যক্তি অবদান রেখেছেন।পাটকেলঘাটার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম সাক্ষী স্থানীয় ফুটবল মাঠ। এ মাঠে দেশের বিভিন্ন সময়ের রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক নেতারা জনসভা করেছেন। ১৯৬২ সালে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান এখানে জনসভা করেন। পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদও এ মাঠে জনসভা করেছেন।১ নভেম্বর কপোতাক্ষ নদের তীরে উদ্বোধন করা হয় কপোতাক্ষ নীলিমা ইকোপার্ক। সাতক্ষীরার তৎকালীন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহীউদ্দীন পার্কটির উদ্বোধন করেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় সরুলিয়া ইউনিয়ন পরিষদ এটি বাস্তবায়ন করে। যোগাযোগব্যবস্থার উন্নয়নেও পাটকেলঘাটার রয়েছে দীর্ঘ ইতিহাস। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ১৯৫২ সালে সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। ১৯৬৪ সালে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ শেষে ওই বছরের ৫ মার্চ উদ্বোধন করা হয়। এ ছাড়া ১৯৬৮-৬৯ সালে কপোতাক্ষ নদের ওপর নির্মিত হয় আকর্ষণীয় সেতু। তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান সেতুটির উদ্বোধন করেন।

বর্তমানে পাটকেলঘাটা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে থানা, ব্যাংক, ডাকঘর, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, খাদ্যগুদাম, পল্লী বিদ্যুৎ অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পাটকেলঘাটা হারুণ-অর-রশীদ ডিগ্রি কলেজ, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় ও কুমিরা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় উল্লেখযোগ্য। পাশাপাশি রয়েছে মাদ্রাসা, কিন্ডারগার্টেন, মন্দির ও বিভিন্ন চিকিৎসাসেবা প্রতিষ্ঠান।এ অঞ্চলের রয়েছে সমৃদ্ধ পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থাপনা। কুমিরার সরস্বতী আচার্যের বাড়ি, সচীন মিত্রের বাসভবন, সরস্বতী ঘাটের শিবমন্দির, খলিষখালীর জমিদারবাড়ির ধ্বংসাবশেষ ও শিবমন্দির এ অঞ্চলের ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন।

মুক্তিযুদ্ধের ইতিহাসেও পাটকেলঘাটা ও আশপাশের এলাকার রয়েছে বেদনাবিধুর অধ্যায়। পুটিখালীর শেখ নুরুল ইসলাম জানান, ১৯৭১ সালের ২৩ এপ্রিল শুক্রবার দুপুরে রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা পারকুমিরা গ্রামে অভিযান চালায়। বিশেষ আলোচনার কথা বলে গ্রামের নিরীহ মানুষ ও বিভিন্ন এলাকা থেকে আসা ভারতে গমনেচ্ছু শরণার্থীদের একত্র করা হয়। পরে বর্তমানে পারকুমিরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থানে তাঁদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। সেখানে ৭৯ জনকে গণকবর দেওয়া হয় বলে তিনি জানান। একই দিনে কাশিপুর গ্রামের হায়দার আলীকে পাট দিয়ে জড়িয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। তাঁর অপরাধ ছিল, পাকিস্তানি সেনাদের নির্দেশে গ্রামবাসীর বাড়িতে আগুন দিতে অস্বীকৃতি জানানো। এ ঘটনায় পুটিয়াখালী গ্রামের মোহর আলী গুলিবিদ্ধ না হয়ে মৃতের ভান করে প্রাণে বেঁচে যান।

 

তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিনের দেওয়া তথ্যমতে, ১৯৭১ সালের ২৫ নভেম্বর কপোতাক্ষ নদের দক্ষিণ পাড়ের মাগুরা গ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি সেনাদের সম্মুখযুদ্ধ হয়। মাগুরা গ্রামের ঝুনু বাবুর বাড়িতে মুক্তিযোদ্ধাদের স্থায়ী ক্যাম্প ছিল। রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা ক্যাম্পে আক্রমণ করলে প্রস্তুত থাকা মুক্তিযোদ্ধারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। ওই যুদ্ধে আবদুল আজিজ, আবু বক্কার ও সুশীল সরকারসহ স্থানীয় কয়েকজন শহীদ হন বলে তিনি জানান।এ ছাড়া ১৪ নভেম্বর বাগমারা গ্রামে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানি সেনা ও রাজাকাররা অভিযান চালায়। মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুললেও ভারী অস্ত্রের মুখে তাঁদের পিছু হটতে হয়। ওই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ৩ অক্টোবর বারাত গ্রামের সন্তোষ বাবুর বাড়িতে মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্পে রাজাকাররা হামলা চালালে মুক্তিযোদ্ধাদের পাল্টা আক্রমণে তিন রাজাকার নিহত হয়। পরদিন পাকিস্তানি সেনারা বারাত গ্রামে অভিযান চালিয়ে মুক্তিযোদ্ধাদের না পেয়ে কয়েকটি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

 

পাটকেলঘাটা অঞ্চলে শিক্ষা, বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রেও অবদান রেখেছেন বেশ কয়েকজন কৃতী ব্যক্তি। তাঁদের মধ্যে ড. বিমল কৃষ্ণ বসু, প্রকৌশলী ক্ষিতিনাথ ঘোষ ও ড. মতিউর রহমান উল্লেখযোগ্য। ড. বিমল কৃষ্ণ বসু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করে যুক্তরাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। প্রকৌশলী ক্ষিতিনাথ ঘোষ ১৮৮০ সালে কুমিরার ঘোষ পরিবারে জন্মগ্রহণ করেন। গণিত বিষয়ে তাঁর লেখা বই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে পাঠ্য ছিল। ১৯১৪ সালে তিনি কুমিরা বহুমুখী উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

 

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোজাফফর রহমান জানান, ড. মতিউর রহমান ১৯৩২ সালের ২৬ ফেব্রুয়ারি যুগীপুকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী সরকারি কলেজ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি নেন। ১৯৬৫ সালে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার কেমিস্ট্রিতে পিএইচডি অর্জন করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এবং ১৯৭৭ সালে আনবিক শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিযুক্ত হন। ইরান, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।এত সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য থাকা সত্ত্বেও পাটকেলঘাটা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। কপোতাক্ষ নদের জলাবদ্ধতা, বেহাল সড়ক এবং পর্যাপ্ত পানিনিষ্কাশনব্যবস্থার অভাব স্থানীয়দের দুর্ভোগ বাড়িয়েছে। দীর্ঘদিনে সরকার পরিবর্তন হলেও বাজারের দৃশ্যমান উন্নয়ন প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হয়নি। পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করার দাবিও দীর্ঘদিনের।
এলাকার মাঠের পাশেই রয়েছে প্রাচীন জমিদারবাড়ি, যা স্থানীয়ভাবে পাটোয়ার রহমানের বাড়ি হিসেবে পরিচিত। বর্তমানে বিনিময় সূত্রে মৃত আলহাজ গোলাম হোসেনের বংশধরেরা সেখানে বসবাস করছেন।সরুলিয়া ইউনিয়নের সাবেক একাধিকবারের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বলেন, অল্প কথায় পাটকেলঘাটার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা কঠিন। এটি সাতক্ষীরা জেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও উন্নয়ন এখনো নিশ্চিত হয়নি। এ জনপদের সম্ভাবনা কাজে লাগাতে প্রকৃত উন্নয়ন উদ্যোগের পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

Ads small one

যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?

ইসলামোফোবিয়া ও ইসলামবিরোধী প্রচারণার রেকর্ড বৃদ্ধির মধ্যেও যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন স্তরে রেকর্ড সংখ্যক মুসলিম আমেরিকান জয়ী হয়েছেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের (কেয়ার) তথ্য অনুযায়ী, ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায় মিলিয়ে অন্তত ৯৭ জন মুসলিম আমেরিকান প্রার্থী বিজয়ী হয়েছেন।

চলতি নির্বাচনে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দুই দল মিলিয়ে মোট ১৬৮ জন মুসলিম আমেরিকান প্রার্থী প্রাথমিক পর্ব (প্রাইমারি) পার হয়ে চূড়ান্ত লড়াইয়ে অংশ নেন। এখনও ডাকযোগে আসা ভোট গণনা চলায় আরও এক ডজনের বেশি প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সাম্প্রতিক ঐতিহাসিক বিজয় এবং তরুণ প্রজন্মের রাজনৈতিক সক্রিয়তা এই রেকর্ড জয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

আমেরিকান আইনসভার উচ্চকক্ষ সিনেটে প্রথমবার কোনও মুসলিম প্রতিনিধি হিসেবে ছয় বছরের মেয়াদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আবদুল এল-সাইয়েদ। এ ছাড়া প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেনটেটিভস) বিজয়ী হয়েছেন ছয়জন মুসলিম আমেরিকান। তারা হলেন, পুনর্নির্বাচিত ইলহান ওমর, রশিদা তাইব, আন্দ্রে কারসন ও লাতিফাহ সাইমন এবং নতুন বিজয়ী অ্যাডাম হামাভি ও দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ার। কেয়ারের তথ্যমতে, এই ৭ জন ছাড়া রাজ্য আইনসভা ও অ্যাটর্নি জেনারেলসহ ৩৯টি রাজ্যপর্যায়ের পদে, স্থানীয় কাউন্টি ও পৌরসভায় ১৬টি পদে, শিক্ষা ও স্কুল বোর্ডে ২৭টি পদে এবং বিচারক হিসেবে ৮ জন মুসলিম বিজয়ী হয়েছেন।

ইসলামিক পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল (এমপ্যাক) এবং অন্যান্য সংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৫৫ লাখ মুসলিম বাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ। ডোনাল্ড ট্রাম্পের আমলে ও রিপাবলিকান পার্টিতে ইসলামবিরোধী বক্তব্য ও অপপ্রচার এক প্রজন্মের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকা সত্ত্বেও এবার ভোটারদের উপস্থিতি ছিল অভূতপূর্ব। বিগত এক বছরে মুসলিমদের ভোটার নিবন্ধনের হার অন্তত ২৫ শতাংশ বেড়েছে এবং জরিপ অনুযায়ী ৯৩ শতাংশ মুসলিম ভোটকেন্দ্রে গিয়েছেন। এদের মধ্যে ৮০ শতাংশ ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।

তবে বিশ্লেষকরা বলছেন, মুসলিম আমেরিকানরা কেবল দল দেখে নয়, বরং নীতির ভিত্তিতে ভোট দেন। অলাভজনক সংস্থা জর্জিয়া মুসলিম ভোটার প্রজেক্ট-এর যোগাযোগ পরিচালক উরুজ আলী জানান, মুসলিম ভোটাররা দলের চেয়ে নীতির ওপর ভিত্তি করে ভোট দেওয়ার প্রবণতা দেখান। অনেকেই নিজেদের দলীয় পরিচয়ের চেয়ে স্বতন্ত্র ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

গাজায় ইসরায়েলের হামলা ও ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষা এই নির্বাচনে মুসলিম ভোটারদের বড় চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। কেয়ারের জরিপে ৭০ শতাংশ মুসলিম জানান, ইসলামফোবিয়ার প্রতিবাদ হিসেবেই তারা ভোট দিতে অনুপ্রাণিত হয়েছেন এবং ৮০ শতাংশের মতে গাজা পরিস্থিতি তাদের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে।

নতুন বিজয়ী মুসলিম নেতৃত্বের ধরণ নিয়ে মুসলিম পাবলিক সার্ভিস-এর প্রধান আহমেদ মাতি বলেন, আমাদের সম্প্রদায়ের সদস্যরা এখন জাতীয় ও স্থানীয় নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখছেন। এই জয় বছরের পর বছর ধরে চলা সামাজিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফসল।

অন্যদিকে, ডেমোক্র্যাটিক আবদুল এল-সাইয়েদের মতো প্রার্থীরা নিজেদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে এড়িয়ে না গিয়ে গর্বের সঙ্গে তুলে ধরেই ভোটারদের আস্থা অর্জন করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকান রাজনীতিতে এই জয় কেবল মুসলিম সম্প্রদায়ের নয়, বরং বহুমাত্রিক আমেরিকান বৈচিত্র্যের এক বড় অগ্রগতি।

সূত্র: মিডল ইস্ট আই

রাজধানীতে এবার স্কুল বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
রাজধানীতে এবার স্কুল বাসে আগুন

রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে জলসিড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ভাটারা থানার কর্তব্যরত অফিসার দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কারা, কীভাবে আগুন দিল এখনও সেটি জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই রাজধানীতে বিভিন্ন বাসে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গতকাল শনিবারও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে কয়েক দিনে রাজধানীতে অন্তত আটটি বাসে আগুন ও গুরুত্বপূর্ণ স্থানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক তৈরি এবং নাশকতার উদ্দেশ্যে করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুর-১ এর সনি হলের সামনে একটি প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, সনি হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, মোটরসাইকেলে করে আসা লোক এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।