শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতি ক্রিকেট ম্যাচে নাইট শিফটকে হারিয়ে চ্যাম্পিয়ন ডে শিফট

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
প্রীতি ক্রিকেট ম্যাচে নাইট শিফটকে হারিয়ে চ্যাম্পিয়ন ডে শিফট

স্পোর্টস ডেস্ক: আল-মামুন (সম্রাট): সাতক্ষীরায় এলিট ফিটনেসের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে নাইট শিফটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডে শিফট দল।

কারিমা স্কুল মাঠে অনুষ্ঠিত ১৪ ওভারের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ডে শিফট দল অধিনায়ক পল্লবের অপরাজিত ৬২ রানের ইনিংসে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ডে শিফটের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে মাত্র ৭২ রানে অলআউট হয় নাইট শিফট। ফলে বড় ব্যবধানে জয় পায় ডে শিফট।

খেলায় ডে শিফট দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন ট্রেনার ফরহাদ এবং নাইট শিফট দলের দায়িত্বে ছিলেন ট্রেনার জাকারিয়া। ম্যাচ পরিচালনা করেন উমিদ। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ডে শিফট অধিনায়ক পল্লব।

খেলা শেষে চ্যাম্পিয়ন ডে শিফট দলকে ৩৬টি ডিম এবং রানার্সআপ নাইট শিফট দলকে ২৪টি ডিম পুরস্কার দেওয়া হয়। এ সময় জিমের নারী ট্রেনার মৃদুলাসহ নারী সদস্যদের উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

জিমের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ ম্যাচে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

Ads small one

বনদস্যুদের দৌরাত্ম্যে জীবিকা সংকট, শিক্ষা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
বনদস্যুদের দৌরাত্ম্যে জীবিকা সংকট, শিক্ষা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের বিক্ষোভ 

পত্রদূত ডেস্ক: সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির কারণে বনজীবীদের জীবিকা বন্ধ হয়ে পড়ায় শিক্ষা ও পরিবার রক্ষার দাবিতে ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে উপকূলীয় শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়।

বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে উপকূলীয় সড়ক মুখর করে তোলে। কর্মসূচি শেষে খাতার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানায় তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, সুন্দরবনে অপহরণ ও চাঁদাবাজির ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ থাকায় হাজার হাজার বনজীবী পরিবার আর্থিক সংকটে পড়েছে। এতে অনেক শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে। কেউ কেউ পড়াশোনা ছেড়ে জীবিকার সন্ধানে যেতে বাধ্য হচ্ছে।

শিক্ষার্থী রাসেল রানা বলেন, বাবা-মায়ের বেকারত্ব তাদের বই-খাতা কেড়ে নিচ্ছে। বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে দ্রুত অভিযান চালানোর দাবি জানান তিনি। শিক্ষার্থী সাকিলা পারভীন বলেন, দস্যুদের ভয়ে তাঁর বাবা বনে যেতে পারছেন না। সংসারে খাবার ও পড়াশোনার খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। হিরা মনি বলেন, বনদস্যুদের কারণে একটি প্রজন্মের শিক্ষাজীবন অন্ধকারে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিভাবক মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম বলেন, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো এবং সন্তানদের পড়াশোনা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। তাঁরা দ্রুত সহায়তা ও বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাসেল রানা, চাঁদনীমুখা পরিজান আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হোসেন, সাকিলা পারভীন, আশুরা খাতুন, অয়েস কুরুনী, মুন্নি আক্তার, রাকিব হোসেন, টুটুল, জিল্লুর রহমান ও হিরা মনি।

খুলনা বিএল কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী জিয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন কলেজশিক্ষার্থী আশিকুর রহমান। শিক্ষকদের পক্ষে সংহতি জানান আব্দুর রহিম ও শহিদুল ইসলাম। অভিভাবকদের পক্ষে সংহতি জানান গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম।

ভোমরা দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
ভোমরা দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল

পত্রদূত ডেস্ক: ভারত থেকে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশের গুঞ্জনকে কেন্দ্র করে সাতক্ষীরায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ খবরের প্রতিবাদ এবং সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের আহ্বান জানিয়ে মশাল মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা এবং জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপন।

বক্তারা বলেন, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শেখ হাসিনার দেশে প্রবেশের একটি খবর তাঁদের নজরে এসেছে। তবে এ খবরের সত্যতা নিয়ে কোনো নিশ্চিত তথ্য উল্লেখ না করেই তাঁরা এর প্রতিবাদে কর্মসূচি পালন করেছেন। তাঁরা বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। এ বিষয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।

কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সাতক্ষীরার রইচপুরে হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরার রইচপুরে হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব

সংবাদদাতা:  সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রইচপুরে আট দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রইচপুর ব্রিজসংলগ্ন ফারুকের দোকানের পাশের মাঠে অনুষ্ঠিত ফাইনালে টিম সাইদুলকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম সাকিব।

স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট দেখতে মাঠ ও আশপাশে প্রায় দুই থেকে আড়াই হাজার দর্শকের সমাগম ঘটে। প্রতিযোগিতায় আটটি দলের ৭২ জন স্থানীয় খেলোয়াড় অংশ নেন।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো—টিম পলাশ, টিম সাকিব, টিম ফারুক, টিম আলম, টিম সাইদুল, টিম জনি, টিম ফরহাদ ও টিম শওকাত।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যের হাডুডু খেলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদার করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য। খেলা চলাকালে বক্তারা সুস্থ সমাজ গঠনে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্টে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আলহাজ্ব কবির হোসেন। খেলা পরিচালনায় ছিলেন আব্দুস সামাদ এবং সহকারী পরিচালক মুজাহিদ আল মাসুদ। এ ছাড়া উদ্যোক্তা ফারুক হোসেন, ধারাভাষ্যকার মো. জাকির হোসেন, সহকারী রেফারি ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।