শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পূর্ণঃগঠণ উপলক্ষে সভা 

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পূর্ণঃগঠণ উপলক্ষে সভা 

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের রথখোলা সৎসঙ্গ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শিক্ষক তপন কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বিমল কৃষ্ণ সানা। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, শিক্ষা কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল, হিন্দু যুব পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সদস্যসচিব মনোদ্বীপ কুমার মণ্ডল, কলেজ শিক্ষক মিহির কুমার মণ্ডল, সমীরণ চক্রবর্তী, হিন্দু পরিষদের শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, ছাত্র পরিষদের সভাপতি ধীমান সরকার, সাধারণ সম্পাদক প্রকাশ সরকার, যুব নেতা প্রশান্ত পাল ও দেবাশীষ কুমার মালো প্রমুখ। পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, ২০১৭ সালে বাংলাদেশ হিন্দু পরিষদ প্রতিষ্ঠিত হলেও সাতক্ষীরা জেলা কমিটির কার্যক্রম শুরু হয় দেরিতে। জেলা কমিটি থাকলেও সাংগঠনিক কার্যক্রম ছিল ধীরগতির। ২০২৪ সালের ৫ আগস্টের পর জেলার বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, মন্দির ভাঙচুর, মন্দির ও শ্মশানের জমি দখল, ধর্মান্তরকরণ, শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে মব সৃষ্টি, চুরি, হত্যা এবং নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা ঘটেছে বলে তারা উল্লেখ করেন।

বক্তারা পুরাতন সাতক্ষীরা মায়ের মন্দিরে চুরি, মাগুরার বীথিকা সাধু হত্যা, তালার জিয়ালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, চম্পাফুলে মাধবী মণ্ডল ও তাঁর পরিবারের ওপর নির্যাতন ও জমি দখল, ঝাউডাঙা জগন্নাথ মন্দিরের জমি দখল, দেবহাটার পাইকপাড়ায় রাধাগোবিন্দ মন্দিরের প্রাচীর ভাঙচুর ও জমি দখলের চেষ্টা, শ্যামনগরের জেলেখালিতে দীপালী মণ্ডলকে অপহরণ এবং তালার নিমতলায় এক সরকারি প্রধান শিক্ষকের বিরুদ্ধে মব সৃষ্টির মতো ঘটনার কথা তুলে ধরেন।

তারা বলেন, জেলায় বিভিন্ন হিন্দু সংগঠন থাকলেও এসব ঘটনায় অনেককে কার্যকর প্রতিবাদে দেখা যায়নি। এতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে হতাশা ও আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ হিন্দু পরিষদকে আরও শক্তিশালী, সক্রিয় ও কর্মক্ষম করে গড়ে তোলার পাশাপাশি সম্প্রদায়ের মানুষের মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়াতে হবে।

সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিতোষ কুমার গাইন।

Ads small one

আশাশুনি উপজেলা জামায়াতের আমির তুষার ও সেক্রেটারি আনওয়ারুল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
আশাশুনি উপজেলা জামায়াতের আমির তুষার ও সেক্রেটারি আনওয়ারুল

Oplus_131072

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আবু মুছা তারিকুজ্জামান তুষারকে উপজেলা আমির এবং অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হককে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর এবং মাওলানা আবু বকর সিদ্দিক।

কমিটির নায়েবে আমির হয়েছেন মাওলানা নুরুল আবছার মুরতাজা ও মাওলানা মোশাররফ হোসেন। সহকারী সেক্রেটারি হয়েছেন মাওলানা আব্দুল বারী, অধ্যাপক শাহজাহান হোসেন, চিকিৎসক রোকনুজ্জামান ও মাওলানা রুহুল কুদ্দুস।

এ ছাড়া ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কর্মপরিষদ ও ২৩ সদস্যবিশিষ্ট মজলিসে শুরা গঠন করা হয়েছে। অনুষ্ঠানে নবগঠিত কমিটি, কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্যদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।

সীমান্তে পাহারা জোরদারের আহ্বান কাজী আলাউদ্দীনের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
সীমান্তে পাহারা জোরদারের আহ্বান কাজী আলাউদ্দীনের

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে পাহারা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। তিনি বলেছেন, কালিগঞ্জের উকশা, গোবিন্দপুরসহ সীমান্তবর্তী এলাকায় সবাই মিলে পাহারা দিতে হবে, যাতে দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীরা দেশে প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। প্রয়োজনে সীমান্তে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। বক্তব্য দেন মোবাচ্ছের হোসেন পলাশ, সাইলুজ্জামান খান ও মো. ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মামুন।

কাজী আলাউদ্দীন তাঁর বক্তব্যে বিগত ১৬ বছরের শাসনামলে দুর্নীতি, গুম, খুন, মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ পরিস্থিতি মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার থানা সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নিজ অর্থায়নে সেতু ও রাস্তা নির্মাণ করলেন ব্যবসায়ী শিবপদ মণ্ডল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
নিজ অর্থায়নে সেতু ও রাস্তা নির্মাণ করলেন ব্যবসায়ী শিবপদ মণ্ডল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার সোলাদানা ইউনিয়নে এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে ২০০ ফুট দীর্ঘ একটি আরসিসি সেতু ও ছয়টি ইটের রাস্তা নির্মাণ করেছেন ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মণ্ডল।

শুক্রবার (২৭ নভেম্বর) খালিয়ারচক গ্রামের বাসিন্দা শিবপদ মণ্ডল নিজে উপস্থিত থেকে ছালুবুনিয়া ও নুনিয়াপাড়া সংযোগ খালিয়ার খালের ওপর নির্মিত সেতুর ঢালাই কাজ সম্পন্ন করেন। এ সেতু নির্মাণের ফলে নুনিয়াপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের উপজেলা সদর, স্কুল-কলেজে যাতায়াত সহজ হবে। আগে এসব এলাকার মানুষকে নৌকা ও ভাসমান ভেলার মাধ্যমে খাল পার হতে হতো।

সেতুর পাশাপাশি তিনি ছালুবুনিয়ায় তিনটি, নুনিয়াপাড়ায় দুটি এবং আমুরকাটায় একটি ইটের রাস্তা নির্মাণ করেছেন। এতে এলাকার শত শত পরিবারের চলাচলের দুর্ভোগ কমবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা সুকুমার বাছাড়, আশীষ কুমার সরদার, দীপা মণ্ডল ও প্রতিবন্ধী নীল কমল সেতু নির্মাণে যাতায়াত ও শিক্ষার্থীদের চলাচলে সুবিধা হবে বলে জানান। সংরক্ষিত ইউপি সদস্য নাসিমা বেগম বলেন, সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। এ ধরনের জনকল্যাণমূলক কাজে সবার সহযোগিতা করা উচিত।

মৎস্য ঘের, পোনা ও কাঁকড়া ব্যবসায়ী শিবপদ মণ্ডল পাইকগাছা উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতি। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে নির্মাণকাজে কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করছেন বলেও এলাকাবাসীর অভিযোগ।