মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বিশ্ব সুনামি সচেতনতা দিবস: ভয় নয়, প্রস্তুতিই হোক মূল জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
বিশ্ব সুনামি সচেতনতা দিবস: ভয় নয়, প্রস্তুতিই হোক মূল জয়

সাকিবুর রহমান বাবলা

প্রকৃতির কিছু দুর্যোগ এতটাই আকস্মিক ও ভয়াবহ যে, মানুষকে প্রস্তুতি নেওয়ার সুযোগটুকুও দেয় না। সুনামি তেমনই এক বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়। সমুদ্রের গভীরে সৃষ্ট ভূমিকম্প কিংবা অন্যান্য ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে মুহূর্তের মধ্যে উত্তাল হয়ে ওঠে বিশাল জলরাশি। সেই ঢেউ উপকূলে আছড়ে পড়ে জনপদ, ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকা ধ্বংস করে দিতে পারে। প্রাণহানির পাশাপাশি সৃষ্টি হয় দীর্ঘমেয়াদি মানবিক ও অর্থনৈতিক সংকট। সুনামির ঝুঁকি সম্পর্কে সচেতনতা, আগাম সতর্কবার্তা ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে প্রতিবছর ৫ নভেম্বর পালিত হয় বিশ্ব সুনামি সচেতনতা দিবস।

‘সুনামি’ শব্দটি জাপানি ভাষার ‘সু’ ও ‘নামি’ শব্দ থেকে এসেছে। এর অর্থ যথাক্রমে বন্দর ও ঢেউ। সমুদ্রের তলদেশে আকস্মিক ভূমিকম্পের ফলে বিপুল পরিমাণ পানি স্থানচ্যুত হয়ে যে বিশাল ঢেউয়ের ধারাবাহিকতা সৃষ্টি করে, তাকে সুনামি বলে। এ ছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সমুদ্রতলের ভূমিধস, উপকূলীয় পাহাড় বা পাথরের বিশাল অংশ ধসে পড়া এবং সমুদ্রে বড় গ্রহাণুর আঘাত থেকেও সুনামি সৃষ্টি হতে পারে। গভীর সমুদ্রে এসব ঢেউ তুলনামূলক কম উচ্চতার হলেও অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। উপকূলের অগভীর পানিতে পৌঁছালে ঢেউয়ের উচ্চতা বেড়ে ভয়াবহ রূপ ধারণ করে।

সুনামির সবচেয়ে বিপজ্জনক দিক হলো, প্রথম ঢেউটিই সব সময় সবচেয়ে বড় বা শক্তিশালী হয় না। দ্বিতীয়, তৃতীয় কিংবা পরবর্তী ঢেউ আরও বিধ্বংসী হতে পারে। একটি ঢেউ আঘাত হানার পর সমুদ্রের পানি হঠাৎ অনেক দূর পর্যন্ত সরে গিয়ে সমুদ্রতল দৃশ্যমান হতে পারে। এটি নিরাপদ হওয়ার লক্ষণ নয়; বরং পরবর্তী ঢেউ আসার পূর্বসংকেত হতে পারে। কয়েক ঘণ্টা পর্যন্ত সুনামির ঢেউ আঘাত হানতে পারে। আগের ঢেউয়ে ধ্বংস হওয়া স্থাপনার ধ্বংসাবশেষ পরবর্তী ঢেউয়ের সঙ্গে ভেসে এসে ক্ষয়ক্ষতি আরও বাড়ায়। তাই একটি ঢেউ চলে যাওয়ার পরও সরকারি সতর্কবার্তা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরাপদ উঁচু স্থানে অবস্থান করা জরুরি।

২০১৫ সালের ২২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৭০/২০৩ নম্বর প্রস্তাবের মাধ্যমে ৫ নভেম্বরকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস ঘোষণা করে। জাপানের উদ্যোগে দিবসটি পালনের ধারণা সামনে আসে। এর পেছনে রয়েছে ১৮৫৪ সালের ৫ নভেম্বরের একটি ঐতিহাসিক ঘটনা। জাপানের ওয়াকায়ামা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা দেখা দিলে হামাগুচি গোরিও নামের এক ব্যক্তি গ্রামবাসীকে সতর্ক করতে নিজের সদ্য কাটা ধানের স্তূপে আগুন ধরিয়ে দেন। আগুনের আলো দেখে গ্রামবাসীরা উঁচু স্থানে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান। ‘ইনামুরা-নো-হি’ নামে পরিচিত এই ঘটনা দুর্যোগের পূর্বলক্ষণ শনাক্ত করা ও দ্রুত সতর্ক করার এক অনন্য দৃষ্টান্ত।

দিবসটির মূল উদ্দেশ্য হলো সুনামির ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, উপকূলীয় জনগোষ্ঠীর আগাম প্রস্তুতি জোরদার করা এবং কার্যকর সতর্কীকরণ ও নিরাপদ স্থানান্তরব্যবস্থা গড়ে তোলা। ২০১৫–২০৩০ মেয়াদি সেনদাই দুর্যোগ ঝুঁকি হ্রাস কাঠামো বাস্তবায়নেও দিবসটি গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের প্রতিপাদ্য ‘সুনামির জন্য প্রস্তুত থাকুন: সহনশীলতা শুরু হোক আপনার থেকেই’। এর বার্তা হলো, দুর্যোগ মোকাবিলার দায়িত্ব শুধু সরকার বা প্রতিষ্ঠানের নয়; ব্যক্তি, পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সমুদ্রের কাছাকাছি অবস্থানকালে তীব্র বা দীর্ঘস্থায়ী ভূমিকম্প অনুভূত হলে, সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে দ্রুত সরে গেলে কিংবা সমুদ্রের দিক থেকে অস্বাভাবিক গর্জন শোনা গেলে সরকারি ঘোষণার অপেক্ষা না করে দ্রুত উঁচু স্থানে চলে যেতে হবে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে ২০২২ সালে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক দপ্তর ‘গেট টু হাই গ্রাউন্ড’ প্রচারাভিযান শুরু করে। এর আওতায় নিরাপদ স্থানে যাওয়ার নির্ধারিত পথে হাঁটা, দৌড়, স্থানান্তর মহড়া ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি ও পর্যটকসহ সমাজের সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

গত এক শতকে ৫৮টি সুনামিতে ২ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানির তথ্য পাওয়া যায়। এর মধ্যে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সংঘটিত সুনামিটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ৯.১ মাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্ট ঢেউ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত ও থাইল্যান্ডসহ ১৪টি দেশে আঘাত হানে। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা প্রায় ৩০ মিটার পর্যন্ত পৌঁছায়। এতে ২ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান এবং অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হন।

এই বিপর্যয়ের পর আন্তর্জাতিক পর্যায়ে দুর্যোগ মোকাবিলার উদ্যোগ জোরদার হয়। ২০০৫ সালে জাপানের কোবে শহরে অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনে গৃহীত হয় ‘হিয়োগো কর্মপরিকল্পনা কাঠামো’। একই সময়ে ভারত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ ও প্রশমন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। ভূকম্পন পরিমাপক ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে দ্রুত সতর্ক করার ব্যবস্থা তৈরি হয়। পরবর্তী সময়ে ২০১৫ সালে গৃহীত সেনদাই কাঠামো দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমানোর বৈশ্বিক অঙ্গীকারকে আরও সুসংহত করে। জাতিসংঘের ‘আর্লি ওয়ার্নিংস ফর অল’ উদ্যোগের লক্ষ্যও হলো ঝুঁকিপূর্ণ প্রত্যেক মানুষের কাছে কার্যকর আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া।

বাংলাদেশের জন্যও সুনামির ঝুঁকি উপেক্ষা করার সুযোগ নেই। বঙ্গোপসাগরীয় উপকূল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পাশাপাশি ভূমিকম্পজনিত সামুদ্রিক বিপর্যয়ের ঝুঁকিও বহন করে। বাংলাদেশের ইতিহাসে ১৭৬২ সালের ২ এপ্রিল সংঘটিত মহান আরাকান ভূমিকম্প বিশেষভাবে উল্লেখযোগ্য। চট্টগ্রাম থেকে মিয়ানমারের আরাকান উপকূল পর্যন্ত বিস্তৃত অঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা আনুমানিক ৮.৫ থেকে ৮.৮ বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। এতে উপকূলীয় ভূপ্রকৃতিতে ব্যাপক পরিবর্তন ঘটে। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় দুই মিটার ভূমি উত্থানের প্রমাণও ভূতাত্ত্বিক গবেষণায় পাওয়া গেছে।

২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামির প্রভাব বাংলাদেশ উপকূলেও কিছুটা পড়েছিল বলে বিভিন্ন বিবরণে উল্লেখ রয়েছে। তবে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের মতো ব্যাপক ধ্বংসযজ্ঞ বাংলাদেশে হয়নি। বঙ্গোপসাগরের মহীসোপের গঠন, উৎপত্তিস্থল থেকে দূরত্ব এবং ভূমিকম্পের ফাটলের অভিমুখসহ বিভিন্ন ভৌগোলিক কারণ এতে ভূমিকা রাখতে পারে। অন্যদিকে, জাপান প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় বিশ্বের অন্যতম সুনামিপ্রবণ দেশ হিসেবে পরিচিত।

সুনামি প্রতিরোধ করা মানুষের পক্ষে সম্ভব নয়। তবে সচেতনতা, বিজ্ঞানভিত্তিক আগাম সতর্কবার্তা ও পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝুঁকি মূল্যায়ন, আধুনিক পর্যবেক্ষণব্যবস্থা, নিরাপদ আশ্রয়স্থল, স্থানান্তরের পথ নির্ধারণ এবং নিয়মিত মহড়ার আয়োজন জরুরি। মনে রাখতে হবে, সুনামির বিপদে কয়েক মিনিটের সচেতনতা ও সময়োপযোগী সিদ্ধান্তই অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সুনামি মোকাবিলার প্রস্তুতি কোনো এক দিনের আনুষ্ঠানিকতা নয়; এটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ধারাবাহিক দায়িত্ব।

Ads small one

বসুন্ধরা মার্কেটের মালিকদের ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের স্থিতাবস্থা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
বসুন্ধরা মার্কেটের মালিকদের ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের স্থিতাবস্থা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মার্কেটের মালিকদের নামে জমি অধিগ্রহণ ও অবকাঠামোর ক্ষতিপূরণের অর্থ প্রদানের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সোমবার (৯ নভেম্বর ২০২৬) রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দীন মাহমুদের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ৬ সেপ্টেম্বর ২০২৬ সকালে দক্ষিণ পলাশপোল নিউ মার্কেট মোড় এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ আলিফ হোসেনের পক্ষে আইনজীবী মোঃ ইয়ারুল ইসলাম রিট পিটিশনটি দাখিল করেন। পিটিশন নম্বর ১২৭৭৮/২০২৬।

নথি সূত্রে জানা গেছে, ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ (জেড-৭৬০২) মহাসড়ক এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী (জেড-৭৬১৭) মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ৯৪ নম্বর পলাশপোল মৌজার বিআরএস ৫৯২৬, ৫৯০৫, ৫১৩৪, ৫০১৩, ৪৫৮৭, ২৬১৬, ১৫৩৭ ও ১৩৫২ নম্বর খতিয়ানের ১৭০২৮ নম্বর দাগের মোট ০.৩৭৫০ একর জমির মধ্যে সম্মুখ অংশের ০.০৯১০ একর থেকে ০.০৫৯০ একর জমি অধিগ্রহণ করা হয়। এ জন্য এলএ কেস নম্বর ০৬/২০২৪-২৫।

অধিগ্রহণ করা ০.০৫৯০ একর জমির ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ২৪ লাখ ৬৬৬ টাকা এবং অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ১২ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৯০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রিটকারীর আইনজীবী মোঃ ইয়ারুল ইসলাম জানান, অধিগ্রহণ করা জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ থাকায় হুকুমদখল আইন অনুযায়ী সালিশকারক নিয়োগের জন্য রিটকারী আলিফ হোসেন সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। হাইকোর্ট ওই আবেদন নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধিগ্রহণ করা সম্পত্তির ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর না করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

সাতক্ষীরায় ৫৮জনকে নতুন আইন কর্মকর্তা নিয়োগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ৫৮জনকে নতুন আইন কর্মকর্তা নিয়োগ

জিপি অসীম, পিপি সাত্তার, বিশেষ পিপি ভুট্টো, আকবর ও আশরাফ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বিভিন্ন আদালতে সরকারি আইনজীবী পদে ব্যাপক রদবদল করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগ বাতিল করে নতুন করে সরকারি কৌঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত ও সহকারী সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে।

১০ নভেম্বর ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ অধীনস্থ আদালতগুলোতে আগে নিয়োগপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগ বাতিল করে তাঁদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এবং লিগ্যাল রিমেমব্রান্সার্স ম্যানুয়াল, ১৯৬০-এর বিধান অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হয়েছেন অসীম কুমার মণ্ডল এবং দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন শেখ আব্দুস সাত্তার। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে কামরুজ্জামান (ভুট্টো) ও অতিরিক্ত পিপি শাহানা ইমরোজ। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে আকবার আলী ও অতিরিক্ত পিপি ফেরদৌসী আরা।

মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে শেখ আলমগীর আশরাফ নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনালে অতিরিক্ত সরকারি কৌশলী হিসেবে হাসনাত মুনির, জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী হিসেবে শামীমা পারভীন (মিঠু) ও জি. এম. ফিরোজ আহমেদ।

দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন তোজাম্মেল হোসেন তোজাম, গোলাম গণি (দুদু), মোস্তফা জামান, মো. সাইফুল আলম (সরদার সাইফ), এ. বি. এম. ইমরান (শাওন), মো. আলতাফ হোসেন, শেখ আবু সাইদ রাজা, মিজানুর রহমান বাপ্পী, মো. জালাল উদ্দীন (২), মো. আব্দুল জলিল (৩), মো. মহিতুল ইসলাম, মো. নুরুল ইসলাম, আশাফ উদদৌলা (সুমন), রবিউল ইসলাম, সৈয়দ রেজোয়ান আলী, আসাদুর রহমান বাবু, এস. এম. সালাউদ্দীন, মো. শাহিনুজ্জামান (শাহীন), শেখ ই. জে. এস. হাসীব, এ. বি. এম. আনিসুজ্জামান (আনিস), এ. বি. এম. সেলিম ও আরিফুর রহমান আলো।

সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আব্দুল মালেক, মেহেদী হাসান, শেখ আলাউদ্দীন, মো. এবাদুল হক ও অগ্রদূত দেবনাথ।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম, তারিক ইকবাল অপু, উম্মে হাবিবা রূপা, ফাতিমা ফারজানা ফেরদৌসী, শফিকুল ইসলাম (৩), শেখ জাহিদুর রহমান, মো. আবুল হাসান, আলহাজ এস. এম. ইব্রাহিম, শেখ আমিনুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম খোকন, মো. খোরশেদ আলম ডালিম, মো. আজাদ আলী, জাকারিয়া আহমদ, মো. সোহরাব হুসাইন, মো. জিয়াউর রহমান, শেখ আব্দুস সাত্তার (২), এস. এম. আজিজুল হক, মো. আব্দুস সালাম, মো. আকরাম আলী, শেখ মাহমুদুল হাসান জিকো ও মো. নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজসহ সংশ্লিষ্ট দপ্তরে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

দেশে চলমান নাশকতাকারীদের গ্রেফতারে কঠোর নির্দেশনা দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তবে অপরাধী ধরার নামে কোনো নিরীহ মানুষকে হয়রানি বা শুধু সন্দেহের ভিত্তিতে আটক না করারও নির্দেশ দেন তিনি।

গত তিন দিনের নাশকতার প্রেক্ষাপটে মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দফতরের মর্নিং মিটিংয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন আইজিপি। বৈঠকে সদর দফতরের অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনাররা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সভায় সড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে হামলাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন তিনি।

পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রের তথ্য অনুযায়ী, গত তিন দিনে দেশের ১১ জেলায় অন্তত ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সময়ে ঢাকা ও দেশের ছয় জেলায় ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর ফার্মগেট, পল্লবী ও সদরঘাট এলাকায় বাস ও মিনিট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। চট্টগ্রাম নগরীতেও একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। সোমবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন স্থানে বিস্ফোরণের সময় এবং চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তাদের অধিকাংশই ওই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত অথবা অর্থের বিনিময়ে নাশকতার কাজে যুক্ত হয়েছেন বলে পুলিশের ধারণা।

পুলিশ সদর দফতরের দুজন কর্মকর্তা ও একটি মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেছে আমার দেশ। তারা জানান, আইজিপি নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতারে গুরুত্ব দিয়েছেন। শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে আটক করা যাবে না। নির্দিষ্ট তথ্য, অপরাধে সম্পৃক্ততা ও তদন্তের ভিত্তিতে গ্রেফতার নিশ্চিত করতে বলেছেন তিনি। নিরীহ মানুষ যেন কোনোভাবেই পুলিশের অভিযানের শিকার না হন, সে বিষয়েও বিশেষ সতর্কতা দিয়েছেন।

একই সঙ্গে নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও মাঠপর্যায়ে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন আইজিপি। পুলিশ কর্মকর্তারা বলছেন, নাশকতার ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ ও প্রতিরোধের ওপর জোর দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হচ্ছে।