বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী, সর্বস্ব লুট
Oplus_131072
বেনাপোল (যশোর) প্রতিনিধি: ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিন যাত্রী তাঁদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সব মালামাল খুইয়েছেন। শনিবার (২ মে) সকালে ট্রেনটি বেনাপোল রেল স্টেশনে পৌঁছালে পুলিশ ওই তিন যাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আব্দুস সাত্তারের ছেলে আসানুর রহমান এবং আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন। অন্য এক যাত্রীর (৩৫) পরিচয় এখনো পাওয়া যায়নি।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীরা চুয়াডাঙ্গা থেকে বেনাপোল আসার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা কৌশলে তাঁদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে মালামাল লুট করে নিয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি গন্তব্যে পৌঁছালে অন্য যাত্রীরা তাঁদের সিটে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশন মাস্টার ও পুলিশকে খবর দেন।
বেনাপোল রেল স্টেশন মাস্টার পারভিনা খাতুন জানান, খবর পেয়ে রেল পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাভারণ শাখায় ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় আসানুর ও মামুনের কিছুটা জ্ঞান ফিরলেও অজ্ঞাত পরিচয় ওই যাত্রী এখনো অচেতন রয়েছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিন যাত্রী সর্বস্ব হারিয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’
রেলপথে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটায় সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা।









