মনিরামপুরে যুবকদের মাঝে ফুটবল বিতরণ
মণিরামপুর (যশোর) সংবাদদাতা: মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে স্থানীয় যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হুরগাতী স্কুল মাঠে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এইচ এম শামিম এই ক্রীড়াসামগ্রী তুলে দেন।
ফুটবল বিতরণকালে এইচ এম শামিম উল্লেখ করেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকা- থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তাদের ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখে। একটি মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও উন্নত ভোজগাতী ইউনিয়ন গড়ে তুলতে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করা সমাজের সকলের দায়িত্ব বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে ভোজগাতী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রহমত আলী, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক যুবক উপস্থিত ছিলেন। ফুটবল পেয়ে স্থানীয় যুবকেরা আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।









