যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণবারসহ কলারোয়ার ৩ যুবক আটক
পত্রদূত ডেস্ক: যশোরে ৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ণবারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৪৯ বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় আটক ব্যক্তিদের শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাটিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।
এ ছাড়া অভিযানকালে ৭ হাজার টাকা মূল্যের ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেট কার, চারটি মুঠোফোন, দুটি হাতঘড়ি ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণবারগুলো নিয়ে যাচ্ছিলেন তাঁরা।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।












