রাষ্ট্রদ্রোহ মামলায় আইনজীবী মজিবর কারাগারে
পত্রদূত ডেস্ক: সোনাডাঙ্গা মডেল থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় আইনজীবী এম এম মজিবর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আসাদুর জামান এই আদেশ দেন। এর আগে চলতি বছরের ১৩ মে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তিনি।
সোনাডাঙ্গা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) গোপাল সাহা জানান, এম এম মজিবর রহমান একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে বুধবার তিনি খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে দুপুরে তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।












