বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

শহরের কামালনগর: নোংরা পানি মাড়িয়েই স্কুলে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
শহরের কামালনগর: নোংরা পানি মাড়িয়েই স্কুলে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা

সংবাদদাতা: সামান্য বৃষ্টি হলেই যেন নরকযন্ত্রণায় পরিণত হয় কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন রাস্তাটি। ড্রেন উপচে আসা কাদা আর নোংরা পানিতে একাকার হয়ে পড়া এই সড়ক দিয়ে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বিদ্যালয়টির কোমলমতি শিক্ষার্থীদের।

 

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কটিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তার পাশ ঘেঁষে থাকা ড্রেনের দূষিত ও দুর্গন্ধযুক্ত পানি সরাসরি সড়কে ছড়িয়ে পড়ছে। চলাচলের বিকল্প কোনো পথ না থাকায় প্রতিদিন সকালে এই নোংরা পানি মাড়িয়েই ক্লাসে যেতে বাধ্য হচ্ছে ছোট ছোট শিক্ষার্থীরা।

 

দীর্ঘদিন ধরে জমা এই দূষিত পানির সংস্পর্শে আসায় শিক্ষার্থীদের চর্মরোগ, ঘা-পাঁচড়াসহ নানা পানিবাহিত রোগের উপদ্রব দেখা দেওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। স্কুলের পোশাকে নোংরা পানি ছিটকে কাদা লেগে যাওয়া এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সামান্য বৃষ্টিতেই সড়কটির বেহাল দশা হলেও তা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

 

কাদা ও নোংরা পানির মধ্য দিয়ে সন্তানদের স্কুলে পাঠিয়ে প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় থাকতে হয়।

এ অবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে এবং চলাচলের পথ সুগম করতে সড়কটি দ্রুত সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার সঠিক সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

 

 

Ads small one

স্বেচ্ছাসেবক দলের সমাবেশ সফল করতে মণিরামপুরে যৌথ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
স্বেচ্ছাসেবক দলের সমাবেশ সফল করতে মণিরামপুরে যৌথ মিছিল

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আগামী ২৫ জুলাইয়ের সমাবেশ সফল করার লক্ষ্যে মণিরামপুরে যৌথ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে পৌর শহরে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি মণিরামপুর বাজারের দক্ষিণ মাথা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল গাজী, সদস্যসচিব মো. হুমায়ূন কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামরুল গাজী ও সদস্যসচিব মো. মাসুদ গাজী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলামসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল গাজী বলেন, ২৫ জুলাইয়ের জেলা সমাবেশ সফল করতে মণিরামপুর উপজেলা থেকে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক হামিদুল ইসলাম খান (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনি ‘দৈনিক দৃষ্টিপাত’ পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি মাথা ও পায়ে প্রচ- আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে আহত সাংবাদিক হামিদুল ইসলামের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি শেখ আব্দুল মমিন, সাধারণ সম্পাদক প্রভাষক মো. ইয়াছিন আলী, সহসভাপতি খাঁন নাজমুল হক, প্রভাষক নাজমুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এম জামান মনি, সাংবাদিক শাহীন আলম ও আবদুল্লাহ আল মামুন।

তালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় নিয়ে পর্যালোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
তালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় নিয়ে পর্যালোচনা সভা

তালা প্রতিনিধি: তালায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ক্ষতি মোকাবিলা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তালার শাহপুরে বেসরকারি সংস্থা ‘উইমেন জব ক্রিয়েশন সেন্টার’-এর সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা হয়। ‘স্কোপ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী প্রধান আশরাফুননাহার আশা।
জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্ক কমিটির সহসভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি দেবকী রানী, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি তৌফিক ইমরান, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী সরদার, জলবায়ু পরিবর্তন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক হাসিনা পারভীন, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, রূপালীর পরিচালক সফিকুল ইসলাম ও নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশান আরা।
সভায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প কর্মকর্তা বিরাম কুমার ঘোষ মাল্টিমিডিয়ার মাধ্যমে বিগত দিনের নানা কার্যক্রম তুলে ধরেন। পরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রকল্পের সুবিধাভোগীরা তাঁদের অর্জিত সফলতা ও অভিজ্ঞতা বিনিময় করেন।