রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগরে খোলপাটুয়া নদীতে নোনা পানি বহনকারী কার্গো জাহাজের ধাক্কা ঠেকাতে গিয়ে দুর্ঘটনায় লুৎফার রহমান (৫৫) নামে এক জাহাজের মাস্টারের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে খোলপাটুয়া নদীসংলগ্ন চৌদ্দরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফার রহমান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার নুর ইসলামের ছেলে। তিনি এমভি আশকাফুর নামের নোনা পানি বহনকারী কার্গো জাহাজের মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুরের দিকে জাহাজটি খোলপাটুয়া নদীর চৌদ্দরশি এলাকায় অবস্থান করছিল। এ সময় জাহাজটি অন্য একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিলে নিজেদের জাহাজে সংঘর্ষ এড়াতে লুৎফার রহমান তা ঠেকানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন।

ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে লুৎফার রহমানকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বুড়িগোয়ালিনী নৌ থানার ইনচার্জ হাফিজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণসহ মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাজের গতিপথ, অন্য বাল্কহেডের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের পরিস্থিতি এবং কীভাবে লুৎফার রহমান দুর্ঘটনার কবলে পড়েন-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় নিহতের স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।

Ads small one

পুনঃখননে প্রাণ ফিরেছে উলাশী জিয়া খালে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
পুনঃখননে প্রাণ ফিরেছে উলাশী জিয়া খালে

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোর শার্শার ঐতিহাসিক উলাশী জিয়া খাল দ্বিতীয়বারের মতো পুনঃখননের ফলে সচল হয়ে উঠেছে। সম্প্রতি পুনঃখনন কাজ শেষ হওয়ার পর স্থানীয় খাল ও বিলের পানি প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

খালটি পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে শার্শা উপজেলার ২২টি বিলে জলাবদ্ধতা দেখা দেয়নি। এতে সোনামুখী ও বনমান্দার বিলসহ আশপাশের হাজার হাজার একর জমিতে এবার প্রান্তিক কৃষকেরা অনায়াসে আমন ধান রোপণ করতে পেরেছেন। স্থানীয় জেলে ও সাধারণ মানুষ খালের প্রবাহিত পানিতে মাছ ধরছেন ও ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, দীর্ঘদিন খনন না করায় খালের নাব্যতা হারিয়ে গিয়েছিল। খননের কারণে পানিবদ্ধতা দূর হওয়ায় চলতি মৌসুমে উপজেলার ২০ হাজার ৪৪৮ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রার প্রায় পুরোটাই অর্জিত হতে চলেছে।

আশাশুনিতে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
আশাশুনিতে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার, নির্মাণকাজের উদ্বোধন ও সংবর্ধনা সভায় যোগ দিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ২৩ আগস্ট আশাশুনিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে সকালে আশাশুনি ইঞ্জিন ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয় সংস্কারকাজের উদ্বোধন এবং বেলা ১১টায় আশাশুনি বাজারে কসাইখানার ফলক উন্মোচন করা হয়। পরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যা

লয়ের মাঠ ভরাট কাজের উদ্বোধন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা ও বিএনপি নেতা জাকির হোসেন প্রিন্স। বিকেলে উপজেলার দরগাহপুর ইউনিয়নের বাসিন্দা ও ইসলামী ছাত্রশিবিরের শহীদ আমানউল্লাহ আমানের মায়ের জানাজায় অংশ নেন সংসদ সদস্য।

সাতক্ষীরা সীমান্তে ১ লাখ ১৫ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে ১ লাখ ১৫ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল জাতীয় ‘ফেন্সিডিল’/অন্যান্য ডেক্সোরেক্স সিরাপ এবং শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির ৩৩ ব্যাটালিয়ন)। ২২ ও ২৩ আগস্ট সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন ভোমরা, তলুইগাছা ও মাদরা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা বিওপির একটি বিশেষ দল মেইন পিলারের কাছে বাঁশকল চেকপোস্ট এলাকা থেকে ১০ হাজার টাকা মূল্যের ২৫ বোতল ভারতীয় ডেক্সোরেক্স সিরাপ উদ্ধার করে। তলুইগাছা বিওপির দল সীমান্ত পিলার ১২/৬-এস সংলগ্ন কামারবাড়ি বাঁশবাগান থেকে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে।

 

এ ছাড়া মাদরা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন ভাদিয়ালি এলাকা থেকে আরও ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে পণ্য পাচারের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। স্থানীয় বাসিন্দারা রাজস্ব ফাঁকি রোধে বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।