শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শ্যামনগর উপজেলা বিএনপির হস্তক্ষেপে নীলডুমুরে দুই পক্ষের বিরোধ মীমাংসা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
শ্যামনগর উপজেলা বিএনপির হস্তক্ষেপে নীলডুমুরে দুই পক্ষের বিরোধ মীমাংসা

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর এলাকায় রুবেল গং ও মহরম গংয়ের মধ্যে সৃষ্ট মারামারি ও বিরোধ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে মীমাংসা করা হয়েছে।

জানা গেছে, গত কয়েক দিন আগে নীলডুমুর এলাকায় রুবেল গং ও মহরম গংয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় অভিযোগও দায়ের করা হয়।

বিরোধটি যাতে আরও জটিল আকার ধারণ না করে এবং স্থানীয়ভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উভয় পক্ষের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে বিরোধটি মীমাংসা করা হয়।

মীমাংসা বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনা হয় এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। আলোচনার মাধ্যমে উভয় পক্ষ বিরোধ নিষ্পত্তিতে সম্মত হয় বলে জানা গেছে।

এদিকে স্থানীয়রা জানান, বিরোধটি দীর্ঘায়িত না করে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় পর্যায়ে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উদ্যোগ নেওয়ায় বিএনপি নেতৃবৃন্দের প্রশংসা করেন তারা।

মীমাংসা কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জিএম রুস্তম আলী, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম হবি হেলাল উদ্দিন, ওহিদুজ্জামান, মোল্লা রেজাউল ইসলাম, রবিউল ইসলাম, হোসেন আলী, আব্দুল হাই সরদার, ফাতেমা বেগম, আসাদুজ্জামান, উজ্জ্বলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার এই উদ্যোগের ফলে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং ভবিষ্যতে এলাকায় এ ধরনের সংঘাতের পুনরাবৃত্তি ঘটবে না।

Ads small one

নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার শিশু ইব্রাহিম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার শিশু ইব্রাহিম

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর ১০ বছরের শিশু ইব্রাহিম হোসেনকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে পাটকেলঘাটা এলাকা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ ও স্বজনেরা।

নিখোঁজ ইব্রাহিম সাতক্ষীরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর দক্ষিণপাড়ার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে। সে শহরের ইটাগাছা দারুল উলুম মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বেলা চারটার দিকে নিজ বাড়ির সামনে সুলতানপুর দক্ষিণপাড়া বায়তুল্লাহ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় ইব্রাহিম। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

 

এ বিষয়ে শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৭১৭) করা হয়েছিল। অবশেষে শনিবার রাতে পাটকেলঘাটা থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়।

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযানের শুরুতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকার জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং অপরিচ্ছন্ন স্থানগুলো পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইচউদ্দিন, জামায়াতের উপজেলা আমির ও কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর-রশীদ, উপসহকারী কৃষি কর্মকর্তা আবির হোসেন, পৌরসভার সচিব তুষার কান্তি, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও শিক্ষক বাকী বিল্লাহ শাহী উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের চারপাশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখা হবে।

আশাশুনিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
আশাশুনিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে আকস্মিক বজ্রপাতে রুবিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবিনা খাতুন ওই গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে রুবিনা খাতুন নিজ বাড়ির পেছনে গবাদিপশুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।