শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

সম্পাদকীয়/প্রসঙ্গ: বৈশাখী স্পন্দন ও আমাদের অঙ্গীকার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/প্রসঙ্গ: বৈশাখী স্পন্দন ও আমাদের অঙ্গীকার

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরাÑঅগ্নিস্নানে শুচি হয়ে আজ বাঙালি বরণ করে নিচ্ছে নতুন একটি বছরকে। আজ পহেলা বৈশাখ, বঙ্গাব্দ ১৪৩৩। সাতক্ষীরার সীমান্তঘেঁষা জনপদে আজ যে নবসূর্যের উদয় হয়েছে, তা কেবল একটি নতুন পঞ্জিকার সূচনা নয়, বরং এটি দুর্যোগ ও লড়াইয়ের সাথে ঘর করা এক সাহসী জনপদের নতুন করে জেগে ওঠার নাম। কপোতাক্ষ, বেতনা আর মরিচ্চাপের পলিমাখা ঘ্রাণে আজ মিলেমিশে একাকার হয়ে গেছে হাজার বছরের ঐতিহ্য আর আগামীর স্বপ্ন।
সাতক্ষীরার জন্য পহেলা বৈশাখ সবসময়ই ভিন্ন তাৎপর্য বহন করে। সুন্দরবনের কোলঘেঁষা এই জনপদ প্রতিনিয়ত লড়ছে নোনা জল আর প্রাকৃতিক দুর্যোগের সাথে। কিন্তু বৈশাখের এই দিনটিতে সাতক্ষীরাবাসী প্রমাণ করে দেয়Ñসংস্কৃতিই তাদের টিকে থাকার সবচেয়ে বড় শক্তি। জেলা প্রশাসনের কালেক্টরেট পার্ক থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা কিংবা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মেলা—সবই জানান দিচ্ছে যে, এ জনপদ তার শিকড়কে ভোলেনি। মাটির সরা চিত্র আর লোকজ পুতুলের অবয়বে যে শৈল্পিক সাতক্ষীরাকে আমরা আজ রাজপথে দেখলাম, তা আমাদের অসাম্প্রদায়িক চেতনারই এক শক্তিশালী প্রতিফলন।
নতুন বছর যেমন আনন্দের বার্তা নিয়ে আসে, তেমনি এটি ফেলে আসা বছরের হিসাব মেলাবারও সময়। সাতক্ষীরার মানুষ আজ দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, নদী খনন এবং সুন্দরবন রক্ষার দাবি জানাচ্ছে। সম্পাদকীয় স্তম্ভে আমরা জোর দিয়ে বলতে চাই—সাংস্কৃতিক জাগরণের পাশাপাশি টেকসই উন্নয়নই হতে পারে এই জেলার মানুষের প্রকৃত বৈশাখী উপহার। কৃষকের গোলা ভরা সোনালী ধানের স্বপ্ন এবং বেতনা-মরিচ্চাপের পুরনো নাব্য ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাই হোক আমাদের এই বছরের মূল লক্ষ্য।
এবারের বৈশাখে সাতক্ষীরা জেলা প্রশাসনের কিছু উদ্যোগ বিশেষভাবে প্রশংসার দাবি রাখে। হাসপাতাল, কারাগার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে উৎসবকে কেবল সামর্থ্যবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বজনীন করা হয়েছে। বৈশাখের মূল দর্শনই হলো এইÑসাম্য ও সম্প্রীতি। ধর্মের বিভেদ ভুলে সব শ্রেণি-পেশার মানুষের এই যে মহামিলন, এটিই আমাদের রক্ষাকবচ।
১৪৩৩ বঙ্গাব্দ আমাদের সামনে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে উপস্থিত হয়েছে। প্রযুক্তির জোয়ারে গা ভাসিয়ে দিলেও আমরা যেন আমাদের লোকজ ক্রীড়াÑলাঠি খেলা কিংবা ঘুড়ি উৎসবের মতো ঐতিহ্যগুলোকে হারিয়ে না ফেলি। শিশু ও তরুণ প্রজন্মের মধ্যে ‘হ্যাপী নিউ ইয়ার’ এর চেয়ে ‘শুভ নববর্ষ’ এর প্রতি যে বাড়তি আগ্রহ সাতক্ষীরায় পরিলক্ষিত হয়েছে, তা আশাব্যঞ্জক।
পরিশেষে, নববর্ষের এই দিনে আমাদের প্রত্যাশাÑসাতক্ষীরার আকাশ থেকে মুছে যাক সব অন্ধকারের ছায়া। প্রগতির আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি জনপদ। সাতক্ষীরার মানুষের শ্রম আর মেধার সমন্বয়ে গড়ে উঠুক এক সমৃদ্ধ বাংলাদেশ। শুভ নববর্ষ ১৪৩৩!

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।