শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সন্ত্রাস বিরোধী মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সন্ত্রাস বিরোধী মিছিল

পত্রদূত ডেস্ক: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ব্যানার ফেস্টুন সহকারে প্রতিরোধ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য জ্বালাও পোড়াও করে নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাতীয়তাবাদী দল বিএনপি সদা প্রস্তুত আছে। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সবসময় মাঠে থাকবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন দৃষ্টান্ত নাই দেশের জনগণ দ্বারা বিতাড়িত হয়ে আবার দেশে প্রত্যাবর্তন করেছে কোন দেশে এমন কোন নজীর নেই। খুনী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করার ঘোষণা দিয়েছে। তার আশা কখনো সফল হবে না। তাকে ভারত থেকে এনে ফাঁসিতে ঝুলানো হবে।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুজ্জামান সজীব, সাতক্ষীরা পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সুমন রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু প্রমূখ। এ সময় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Ads small one

সম্পাদকীয়/ উপকূলের বাঁচার লড়াই: প্রতিশ্রুতি ও সমন্বিত উদ্যোগের তাগিদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/ উপকূলের বাঁচার লড়াই: প্রতিশ্রুতি ও সমন্বিত উদ্যোগের তাগিদ

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল, বিশেষ করে সাতক্ষীরা জেলা এখন এক চরম বাস্তবতার মুখোমুখি। বারবার আঘাত হানা ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততার আগ্রাসন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এখানকার মানুষের জীবন-জীবিকাকে প্রতিদিন বিপন্ন করছে। সম্প্রতি কপোতাক্ষ নদের তীরে ৫ হাজার ম্যানগ্রোভ ও ৮০০ নিম গাছের চারা রোপণ, ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস’ প্রকল্পের সমাপনী সভা এবং আন্তর্জাতিক জলবায়ু সপ্তাহকে কেন্দ্র করে শ্যামনগরে তরুণদের ‘ক্লাইমেট স্ট্রাইক’-এর খবরগুলো উপকূলের একই অখ- বাস্তবতার চিত্র আমাদের সামনে তুলে ধরে।

প্রতাপনগরের রুইয়ারবিলে কপোতাক্ষ নদের পাড়ে ম্যানগ্রোভ চারা রোপণের উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। ম্যানগ্রোভ বনাঞ্চল কেবল পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং তা নদীভাঙন প্রতিরোধে একটি প্রাকৃতিক ও শক্ত প্রাচীর হিসেবে কাজ করে। বেসরকারি সংস্থা ‘উত্তরণ’-এর এ পদক্ষেপে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা প্রমাণ করে যে, টেকসই সুরক্ষার জন্য স্থানীয় পর্যায়ে সচেতনতা ও উদ্যোগ অত্যন্ত জরুরি।

তবে কেবল চারা রোপণই শেষ কথা নয়; সেই চারাগুলোকে টিকিয়ে রেখে পূর্ণাঙ্গ বনে রূপান্তর করাই আসল চ্যালেঞ্জ। প্রায়শই দেখা যায়, প্রকল্প শেষ হওয়ার পর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এমন অনেক প্রশংসনীয় উদ্যোগ ভেস্তে যায়। ঠিক এই জায়গাতেই আলোকপাত করা হয়েছে সাতক্ষীরায় অনুষ্ঠিত জলবায়ু ন্যায়বিচার সংক্রান্ত সমাপনী অনুষ্ঠানে। বক্তারা যথার্থই বলেছেনÑপ্রকল্পের মেয়াদ শেষ হলেও জলবায়ুঝুঁকি মোকাবিলা ও স্থানীয়দের সুরক্ষার কাজ থেমে থাকা চলবে না। সরকারি-বেসরকারি সংস্থা, গণমাধ্যম এবং তরুণ সমাজকে একযোগে এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

শ্যামনগরের পদ্মপুকুরে তরুণদের ক্লাইমেট স্ট্রাইক আমাদের স্মরণ করিয়ে দেয় যে, উপকূলীয় জনগোষ্ঠীর এই দুর্বিষহ পরিবেশগত সংকটের পেছনে তাদের নিজেদের দায় সামান্যই। জলবায়ু অর্থায়ন, ন্যায্য রূপান্তর এবং পরিবেশগত ন্যায়বিচারের দাবি আজ আর কেবল বৈশ্বিক মঞ্চের আলোচনার বিষয় নয়, তা উপকূলের তৃণমূল যুবসমাজের কণ্ঠে ধ্বনিত হচ্ছে। এই তরুণরা স্থানীয় সুরক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছে, যা এক আশাব্যঞ্জক দিক।

জলবায়ু সংকটের হাত থেকে উপকূলকে বাঁচাতে হলে টুকরো টুকরো উদ্যোগের পাশাপাশি প্রয়োজন সমন্বিত কৌশলগত পরিকল্পনা। ম্যানগ্রোভ সবুজ বেষ্টনী গড়ে তোলা, নদীর বাঁধ টেকসই করা এবং জলবায়ু ন্যায়বিচারের স্থানীয় ও বৈশ্বিক দাবিগুলোকে জোরদার করার ক্ষেত্রে সরকার, এনজিও এবং স্থানীয় জনগোষ্ঠীর কার্যকর অংশীদারিত্বই হতে পারে একমাত্র পথ। দুর্যোগের অপেক্ষা না করে উপকূল রক্ষায় এখন থেকেই ধারাবাহিক ও টেকসই পদক্ষেপে জোর দেওয়ার সময় এসেছে।

 

সাতক্ষীরায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন শাখা কার্যালয় উদ্বোধন ও কমিটি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন শাখা কার্যালয় উদ্বোধন ও কমিটি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সার্কিট হাউস মোড় শাখার নতুন কার্যালয় উদ্বোধন ও ৩ বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সার্কিট হাউস সংলগ্ন স্থানে নতুন কার্যালয় উদ্বোধন করেন ইউনিয়নের জেলা সভাপতি আব্দুল বারী।

সার্কিট হাউস মোড় শাখার সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মো. জিল্লুর রহমান, মো. আতিকুর রহমান খান, আলমগীর হোসেন, জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আসাদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মো. মাজহারুল ইসলামকে সভাপতি ও সফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যবিশিষ্ট সার্কিট হাউস মোড় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি মো. সালাম গাজী, সহসভাপতি মো. হাফিজুল ইসলাম, শাহাদাত হোসেন, মো. হারুন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফজলু সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু গাজী, অর্থ সম্পাদক নাজমুল ও দফতর সম্পাদক শিমুল মনোনীত হয়েছেন।

কল্যাণ রাষ্ট্র গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান এমপির

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
কল্যাণ রাষ্ট্র গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান এমপির

এম এম জামান মনি, পাটকেলঘাটা: বাংলাদেশ জামায়াতে ইসলামী তেতুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে নওয়াপাড়া হাইস্কুল অডিটোরিয়ামে মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও মাস্টার আহমাদুল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পুরুষদের পাশাপাশি নারীদেরও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। মা-বোনেরা সঠিক বার্তা পৌঁছে না দিলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। ঐক্যবদ্ধভাবে সবাইকে জনকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিলেজ ডক্টরস ফোরামের সাতক্ষীরা জেলা সভাপতি ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, আল জুবায়ের ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক খান, খলিষখালি ইউনিয়ন আমীর মাস্টার শহিদুল্লাহ, তেতুলিয়া ইউনিয়নের প্রাক্তন আমীর নাজমুস সাকিবসহ স্থানীয় ব্যক্তিরা।

একই দিন বেলা চারটায় সুভাষিনী হাইস্কুলে একটি পুরুষ কর্মী সম্মেলন এবং সাড়ে পাঁচটায় লাউতাড়া জামে মসজিদে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি নৈতিক জীবনযাপন এবং একটি সুশাসিত সমাজ গঠনে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।