সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ৪ ও ৫ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন মাদরা, চান্দুরিয়া ও তলুইগাছা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, উইনসারেক্স সিরাপ, মোবাইল চার্জিং পিন ও মাউথ স্পিকার জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এসের ১০ নম্বর আরবি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল চার্জিং পিন ও মাউথ স্পিকার জব্দ করে।
চান্দুরিয়া বিওপির দল সীমান্ত পিলার ১৭/৭-এসের ৪ থেকে ৬ নম্বর আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্দির এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় উইনসারেক্স সিরাপ জব্দ করে। অন্যদিকে, তলুইগাছা বিওপির দল সীমান্ত পিলার ১২/৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে।
তিনটি অভিযানে সর্বমোট ৬ লাখ ৯৭ হাজার ৯০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সীমান্তে চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।









