সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পত্রদূত ডেস্ক: সোমবার (১৮ মে ২০২৬) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

কল্যাণ সভায় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার সকল অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন। মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুৎ এর সঠিক ব্যবহার এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এরআগে সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনসমূহ উপস্থাপন করেন।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ইমরান খান, ডাঃ আবু হোসেনসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

Ads small one

সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলে নিহতের ঘটনায় ক্ষুব্ধ বনজীবীদের বন অফিসে হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলে নিহতের ঘটনায় ক্ষুব্ধ বনজীবীদের বন অফিসে হামলা

শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনে কাঁকড়া শিকার করতে যেয়ে আমিনুর রহমান(৪৫) নামের এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে খুলনা রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল পাটকোস্টার ঝিলে এলাকায় কাঁকড়া ধরার সময় বনবিভাগের টহল টিমের ছোঁড়া গুলিতে তিনি নিহত হন বলে দাবি তার সহযোগীদের। বনবিভাগের টহল টিমের সদস্যদের ডাকে সাড়া না দিয়ে পালানোর চেষ্টা করায় পিছন থেকে গুলি ছুঁড়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার সহযোগী বনজীবীরা। তিন সন্তানের জনক আমিনুর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের মৃত আকছেদ আলী গাজীর ছেলে।

নিহতের সহযোগী জেলে আহম্মদ মোড়ল জানান, তিনদিন আগে বনবিভাগের পাশ (অনুমতিপত্র) নিয়ে দুটি নৌকাযোগে তারা চারজন বনজীবী সুন্দরবনে যায় কাঁকড়া শিকারের জন্য। সোমবার সকাল থেকে খুলনা রেঞ্জের পাটকোসটার ঝিলে এলাকায় (অভয়ারণ্য) নৌকায় বসে তারা কাঁকড়া শিকার করছিলেন। একপর্যায়ে সকাল সাতটার দিকে পাশর্^বর্তী টহলফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে টহল টিমের সদস্যরা পিছন থেকে ডাক দেয় এবং টিমের সদস্যরা এক রাউন্ড গুলি ছুঁড়লে ঘটনাস্থলে আমিনুরের মৃত্যু হয়। পরবর্তীতে দুপুর একটার দিকে মৃতদেহ নিয়ে তারা এলাকায় ফিরে আসে।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া শিকারে যাওয়া জেলেদের উপর বনবিভাগের টহল টিমের সদস্যরা গুলি ছুঁড়েছে। সে ঘটনায় আমিনুর নামের এক জেলে নিহত হওয়ার পর স্থানীয় বনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বনজীবীরা সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন ও তদসংলগ্ন রেঞ্জ কার্যালয় ঘেরাও করার জন্য সেখানে জড়ো হতে শুরু করেছে। তিনি অভিযোগ করেন, জলদস্যুরা গোটা সুন্দরবনজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করলেও বনবিভাগ বা কোস্টগার্ড তাদের টিকিটি পর্যন্ত ছুঁতে পারছে না। অথচ নিরীহ জেলেদের উপর গুলি চালিয়ে লাখ লাখ বনজীবীর জন্য সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে পরোক্ষভাবে ভীতি ছড়াচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান জানান, বর্তমানে সুন্দরবনে দস্যু দমনে অভিযান চলছে। প্রকৃতপক্ষে কাদের গুলিতে ঐ জেলের মৃত্যু হয়েছে নিশ্চিত করে বলা যাচ্ছে না। জেলে নিহতের ঘটনাটি খুলনা রেঞ্জে ঘটেছে- জানিয়ে তিনি আরও বলেন, মোবারক হোসেনের নেতৃত্বে টহল টিম পরিচালনার কথা জেলেদের পক্ষ থেকে দাবি করা হলেও সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে আমিনুর রহমানের নিহতের ঘটনার সাথে বনরক্ষী কারও সংশ্লিষ্টতার প্রমান মিললে অবশ্যই প্রচলিত আইনের আওতায় আনা হবে তাকে।

এদিকে বনরক্ষীদের গুলিতে জেলে আমিনুরের নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিকাল চারটার দিকে দুই শতাধিক বনজীবী দলবদ্ধ হয়ে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও পাশর্^বর্তী বুড়িগোয়ালীনি স্টেশন অফিসে হামলার চেষ্টা করে। কয়েক মিনিট ধরে ইট পাটকেল নিক্ষেপ ও সীমানা বেঁড়া ভাংচুরের পরপরই শামনগর থানা পুলিশ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রনে আনে।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক জানান, গুলিতে এক বনজীবী নিহতের ঘটনায় উপকুলীয় এলাকায় বসবাসরত বনজীবীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে নিহত আমিনুরের মৃতদেহ এলাকায় পৌছেছে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। পরিস্থিতি শান্ত করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সাতক্ষীরায় গ্রাম আদালত শক্তিশালীকরণে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় গ্রাম আদালত শক্তিশালীকরণে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

সংবাদদাতা: সাতক্ষীরায় জেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
সভায় জেলার সাতটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং ৭৭ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্ধ বার্ষিক সমন্বয় সভায় সভাপতি বলেন, গ্রাম আদালত হলো বিচার ব্যবস্থার তৃণমূল ভিত্তি। ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য সাধারণ মানুষকে যেন জেলা আদালত বা থানায় যেতে না হয়, সে জন্যই গ্রাম আদালতকে কার্যকর করা করতে হবে। তিনি বলেন, গ্রাম আদালতে সাধারণ বিচারপ্রার্থীদের অর্থ ও সময় সাশ্রয় হবে, অন্যদিকে জেলা আদালতের মামলার জটও অনেকাংশে হ্রাস পাবে। তিনি উপস্থিত কর্মকর্তাদের বলেন, সাধারণ মানুষ যেন গ্রাম আদালতের গুরুত্ব বুঝতে পারে, সেজন্য ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা পরিচালনা করতে হবে।

অনুষ্ঠানে গত ছয় মাসে জেলার মামলার তথ্য এবং গ্রাম আদালতের সামগ্রিক অগ্রগতি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন গ্রাম আদালতের ডিস্ট্রিক ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো: হাফিজুর রহমান। এছাড়া তিনি, গ্রাম আদালতের আদালত কার্যক্রমের অগ্রগতি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।

সভায় অর্ধ বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে গ্রাম আদালত পরিচালনায় ভালো অবদান রাখায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন জন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে সম্মাননা উপহার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার সকল উপজেলা সমন্বয়কারীগণ।

দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ নিরসন, বিদ্যুৎ পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। তিনি বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। সন্ত্রাস, মাদক, চোরাচালান ও বিভিন্ন অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তর, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মজিবুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা বিজিবির নায়েক সুবেদার লোকমান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির পক্ষ থেকে আরও কঠোর অবস্থানে যাওয়ার আশ্বাস প্রদান করা হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বিদ্যুতের চলমান লোডশেডিং সমস্যা অল্প কিছুদিনের মধ্যেই স্বাভাবিক হবে বলেও সভায় জানানো হয়।

এসময় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন থাকতে হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন তারা।
সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।