বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় সিবিও গভর্নিং বডি কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় সিবিও গভর্নিং বডি কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সি.বি.ও) এর গভর্নিং বডি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার ১১ নভেম্বর সকালে সদর উপজেলা এবং আশাশুনি উপজেলার একক সভা সাতক্ষীরা লেক ভিউয়ের হল রুমে উত্তরনের খুলনা জেনারেল ম্যানেজার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসরিন আক্তার। সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ৮ ধুলিহর ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউ পি সদস্য মো. ফারুক হোসেন মিঠু, সহ-সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও সাইফুদ্দীন সিদ্দিক ওহিদ, সাধারণ সম্পাদক ফিংড়ী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত ইউ পি সদস্য মো. মাহফুজ সরদার, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য পদে আগামী ২ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট গভর্নিং বডি কমিটি গঠন করা হয়।

Ads small one

বল্লী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণায় দিদারুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
বল্লী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণায় দিদারুল আলম

 

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমে বইছে নির্বাচনী আমেজ। পাড়া-মহল্লা ও চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থীদের যোগ্যতা ও জনপ্রিয়তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, প্ল্যাকার্ড ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, বল্লী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য চারজন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে বিএনপি সমর্থিত, জামায়াতে ইসলামী সমর্থিত এবং স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। তবে স্থানীয় ভোটারদের মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সেনা সদস্য দিদারুল আলম দিদার কোমর বেঁধে মাঠে নেমেছেন। ইতিমধ্যে তিনি শিবনগর, মুচড়া, এগারানি, শ্যামপুর, কাঠালতলা, বল্লী, রায়পুর, ভাটরা, ঘরচালা, শিয়ালডাঙ্গা, আমতলা ও ভাটপাড়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম বলছেন, বল্লী ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি মাদক নির্মূল ও দুর্নীতিমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা বিষয়ক বিভাগীয় সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
ডেঙ্গু ও হাম প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা বিষয়ক বিভাগীয় সমন্বয় সভা

 

পত্রদূত ডেস্ক: ডেঙ্গু ও হাম প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা (আরসিসিই) বিষয়ক বিভাগীয় পর্যায়ে সমন্বয় সভা বুধবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, ডেঙ্গু ও হাম মোকাবেলায় জনসম্পৃক্ততা এবং ঝুঁকি যোগাযোগ উভর ক্ষেত্রে কাজ করা সমান জরুরি। এ কাজ স্বাস্থ্য বিভাগের একার কাজ নয়, পুরো কমিউনিটিকে এখানে সম্পৃক্ত করতে হবে। যেন আমরা মহামারির হাত থেকে বাঁচতে পারি। তিনি সবার প্রতি অনুরোধ করেন নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখতে এবং কমিউনিটিকে একাজে নিয়োজিত করতে। পরিশেষে তিনি ডেঙ্গু ও হাম মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন ও জেলা তথ্য অফিসারগণ অনলাইনে যুক্ত ছিলেন। খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শেখ মো: মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা. মো: মনিরুজ্জামান, খুলনা ইউনিসেফের চিফ মো: কাওসার হোসাইনসহ বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।

সম্পাদকীয়/১২ নভেম্বর হোক রাষ্ট্রীয় উপকূল দিবস

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/১২ নভেম্বর হোক রাষ্ট্রীয় উপকূল দিবস

বাংলাদেশের ভূগোলে ও ইতিহাসে ১২ নভেম্বর একটি অত্যন্ত শোকাবহ ও অবিনাশী দিন। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ংকরী ‘ভোলা সাইক্লোন’ ও জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছিলেন প্রায় পাঁচ লাখ মানুষ। মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল অসংখ্য গ্রাম, ঘরবাড়ি ও জনপদ। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এই দুর্যোগকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করেছে। ৫৬ বছর পেরিয়ে গেলেও সেই দুঃসহ স্মৃতির ক্ষত নিয়ে আজও বেঁচে আছেন সেদিনের বেঁচে যাওয়া মানুষ ও তাঁদের পরবর্তী প্রজন্ম। কিন্তু পরিতাপের বিষয়, এত বড় একটি জাতীয় ট্র্যাজেডির দিনটি এবং দেশের বিশাল উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষার বিষয়টি দীর্ঘ দিনেও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রায় ৭১৬ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলে ১৯টি জেলার প্রায় পাঁচ কোটি মানুষ বসবাস করেন, যা মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ। কৃষি, মৎস্য, সুন্দরবন ও সামুদ্রিক সম্পদের ওপর নির্ভরশীল এই জনগোষ্ঠী জাতীয় অর্থনীতিতে প্রায় ২৫ শতাংশ অবদান রাখছে। অথচ প্রতিবছর উপকূলের এই মানুষজনকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা, সুপেয় পানির সংকট এবং জলবায়ু পরিবর্তনজনিত নানামুখী মারসংকটের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। ১৯৭০ সালের পর থেকে দুর্যোগ ব্যবস্থাপনায় দেশ অনেক এগিয়েছে এবং আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র নির্মাণের ফলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব হয়েছে। তবে উপকূলের মানুষের দীর্ঘমেয়াদি নিরাপত্তা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদী-খাল পুনঃখনন ও সুপেয় পানির নিশ্চয়তা বিধানের ক্ষেত্রে এখনো অনেক কাজ বাকি রয়েছে।

উপকূলের এই জনপদের সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলার একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করতে ২০১৫ সাল থেকে সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বেসরকারিভাবে ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। উপকূলের ১৫টি জেলার অর্ধশত স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হলেও রাষ্ট্রীয় স্বীকৃতির অনুপস্থিতি উপকূলবাসীর দীর্ঘদিনের আক্ষেপ।

কেবল অতীতের শোক স্মরণের জন্য নয়, বরং উপকূলের মানুষের জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বৈষম্য দূর করার তাগিদেই দিনটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া জরুরি। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হলে উপকূলীয় অঞ্চলের সুরক্ষা, সুনির্দিষ্ট নীতি প্রণয়ন এবং নীতিনির্ধারণী মহলে উপকূলবাসীর ন্যায্য দাবি আরও জোরালোভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

১৯৭০ সালের ১২ নভেম্বরের শহীদ ও স্বজনহারা মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বর্তমান প্রজন্মের একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে ১২ নভেম্বরকে ‘জাতীয় উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা দেওয়া এখন সময়ের দাবি। উপকূল কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণস্পন্দন। তাই উপকূলের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা কোনো বিশেষ অঞ্চলের দাবি নয়, এটি সমগ্র জাতির নৈতিক দায়িত্ব।