রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

স্বাভাবিক ছন্দে ফিরছে ইসলামাবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
স্বাভাবিক ছন্দে ফিরছে ইসলামাবাদ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রবিবার সকাল থেকেই জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিকল্পিত যুদ্ধবিরতি আলোচনাকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে জারি থাকা কঠোর নিরাপত্তা ও লকডাউন ব্যবস্থা শিথিল করেছে কর্তৃপক্ষ।

এই কড়াকড়ির ফলে ইসলামাবাদ এবং পাশের শহর রাওয়ালপিন্ডিতে লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবন চরমভাবে ব্যাহত হয়েছিল। যাত্রীদের দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়েছে, প্রধান সড়কগুলোতে যান চলাচল কমে গিয়েছিল এবং শিক্ষার্থীদের স্কুলে পৌঁছানো নিয়ে অভিভাবকদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছিল।

রবিবার নাগাদ শহরের প্রধান সড়কগুলো থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল ধীরে ধীরে বাড়ছে। কয়েক দিনের অচলাবস্থা ও অনিশ্চয়তার পর জনজীবনে স্বস্তি ফিরছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার রাতে সরকারের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানানো হয়েছে যে, পর্যটন কেন্দ্র, পার্ক এবং বাস টার্মিনালগুলো পুনরায় খুলে দেওয়া হচ্ছে।

তবে শহরের রেড জোনে নিরাপত্তা ব্যবস্থা এখনও কঠোর রয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর অবস্থান এই এলাকায় এবং চলতি মাসের শুরুতে এখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: এপি

Ads small one

শ্যামনগরে অসহায় হত-দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
শ্যামনগরে অসহায় হত-দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে ১০০জন হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) ৬নং শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজনে সাতক্ষীরা জেলা ছাত্র শক্তির উদ্যোগে শ্যামনগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও বস্ত্র বিতরণ করেন সাতক্ষীরা জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক মোঃ কামরুজ্জামান (বুলু)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. নাজমুল ইসলাম, সদস্য শেখ আব্দুল্লাহ, জেলা শ্রমিক শক্তির আহ্বায়ক আল ইমরান, সদস্য সচিব আব্দুস সবুর, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক হাসিবুল হাসান রুমন, সদস্য সচিব বক্তিয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব আবু সুফিয়ান।
আরও বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক মেহেদী হাসান, কাশিমাড়ি ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. আব্দুল জব্বার পিয়াদা প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জিএম মোখলেছুর রহমান, আব্দুর রাজ্জাক সহ উপজেলা এনসিপি ও ইউনিয়নের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা ছাত্র শক্তির মুখ্য সংগঠক মুজাহিদুল ইসলাম।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি ইনসাফের দল। এদল সবসময় দেশের কল্যাণ কাজ করার জন্য সৃষ্টি হয়েছে। তাই দেশের স্বার্থে কোন আন্দোলন হলে সকলকে এনসিপি পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি দলকে সুসংগঠিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার জন্য আহবান করেন।

আশাশুনিতে ১০ হাজার বিঘা ধানের জমিতে লোনাপানি, বিপাকে কৃষক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
আশাশুনিতে ১০ হাজার বিঘা ধানের জমিতে লোনাপানি, বিপাকে কৃষক

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে রাতের আঁধারে স্লুইসগেটের কপাট তুলে প্রায় ১০ হাজার বিঘা ধানের জমিতে লোনাপানি ঢুকিয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। এতে কপোতাক্ষ নদের লোনা পানিতে খাজরা ও বড়দল ইউনিয়নের অন্তত আটটি গ্রামের ফসলি জমি তলিয়ে গেছে। ধান চাষের পাশাপাশি এলাকায় ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালকি স্লুইসগেটের কপাট তুলে দেওয়ায় লোনাপানি ঢুকে খাজরা ইউনিয়নের গজুয়াকাটি, রাউতাড়া, গোয়ালডাঙ্গা, পিরোজপুর, খালিয়া, ফটিকখালী এবং বড়দল ইউনিয়নের দক্ষিণ বাইনতলা ও পাঁচ পোতা গ্রামের হাজার হাজার বিঘা জমি এখন পানির নিচে। অনেক জমির পাকা ধান এখনও কাটা শেষ হয়নি।
গজুয়াকাটি গ্রামের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শিবপ্রসাদ ম-ল বলেন, “দিন ১৫ আগে রাতের অন্ধকারে কে বা কারা গেট তুলে দেয়। এতে প্রায় ৭০০ বিঘা জমির ধান ও পুকুর লোনা পানিতে ভরে গেছে। মারা যাচ্ছে গাছপালাও।” কৃষক সতীশ চন্দ্র বৈদ্য জানান, লোনা পানির কারণে এলাকায় গো-খাদ্য ও রান্নার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী জানান, একটি সংঘবদ্ধ চক্র চেউটিয়া খালের ওপর নির্মিত কালভার্টের কপাটও খুলে দিয়েছে। এর ফলে আরও কয়েক হাজার বিঘা জমি নতুন করে প্লাবিত হয়েছে। গত তিন বছর এসব এলাকায় কোনো ফসল না হলেও এবার ভালো ফলনের আশা করেছিলেন কৃষকেরা। কিন্তু লোনাপানির কারণে বোরো ধানের পাশাপাশি আসন্ন আউশ মৌসুমও অনিশ্চিত হয়ে পড়েছে।
খাজরা ইউনিয়ন নদী-খাল সুরক্ষা নাগরিক কমিটির সদস্যসচিব হাবিবুর রহমান বলেন, খালের মাছ ধরার জন্য একটি কুচক্রী মহল এ কাজ করছে। স্লুইসগেটটি সংস্কারের পর কোনো তদারকি কমিটি না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, বড়দল গ্রামের একটি প্রভাবশালী চক্র স্কেভেটর মেশিন ব্যবহার করে গেটের কপাট তুলে নদী ও খালে মাছ ধরছে। ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হওয়ায় স্থানীয়রা ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু বলেন, “আমি সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া জানান, লোনাপানি প্রবেশ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আগুনের ক্ষত ও স্তব্ধ ভাষা জয় করেছে নুরজাহানের রং-তুলি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
আগুনের ক্ষত ও স্তব্ধ ভাষা জয় করেছে নুরজাহানের রং-তুলি

আসাদুজ্জামান সরদার: নুরজাহানের মুখে ভাষা নেই, কানেও শোনে না সে। কিন্তু তার হাতের রং-তুলি কথা বলে। ক্যানভাসে ফুটে ওঠে হৃদয়ের সব না বলা গল্প। সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার এই শিশুটি শারীরিক প্রতিবন্ধকতা আর শৈশবের এক ভয়াবহ অগ্নিসন্ত্রাসের ক্ষত জয় করে এখন মেধার স্বাক্ষর রাখছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তার অর্জিত পুরস্কারের সংখ্যা এতই যে, সেগুলো রাখার জন্য বিধবা মা হামিদা বেগমকে আলাদা একটি শোকেস কিনতে হয়েছে।
নুরজাহান সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার মৃত নুরুল গাজী ও হামিদা বেগম দম্পতির সন্তান। তাদের আদি বাড়ি শ্যামনগরের সুন্দরবনঘেঁষা টেংরাখালী গ্রামে। স্বামী মারা যাওয়ার পর ইয়াতিম সন্তানকে নিয়ে মা হামিদা বেগমের জীবনযুদ্ধ শুরু হয়। অন্যের বাড়িতে কাজ করে চলে মা-মেয়ের সংসার। ছোট একটি কুঁড়েঘরে তাঁদের বসবাস।
হামিদা বেগম জানান, পাঁচ বছর আগে যখন নুরজাহানের বয়স মাত্র চার কি পাঁচ, তখন প্রতিবেশী এক দুর্বৃত্ত তাকে নির্জন স্থানে নিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে তার পা থেকে কোমর পর্যন্ত ঝলসে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। কিন্তু সেই অসহ্য যন্ত্রণা আর শারীরিক সীমাবদ্ধতা তাকে থামিয়ে দিতে পারেনি। বর্তমানে সে সাতক্ষীরা সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী।
হামিদা বেগম আবেগপ্রবণ হয়ে বলেন, “স্বামী মারা যাওয়ার পর এই মেয়েটিই আমার সব। ও কথা বলতে পারে না, কিন্তু ওর আঁকা ছবির মধ্যে আমি আমার স্বপ্ন খুঁজে পাই। ওর পুরস্কারগুলো রাখার জায়গা হচ্ছিল না বলে কষ্ট করে একটি শোকেস কিনেছি। ও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এটাই আমার চাওয়া।”
স্কুলের প্রধান শিক্ষক এম রফিক বলেন, “নুরজাহান আমাদের স্কুলে আড়াই-তিন বছর ধরে আছে। পড়াশোনার চেয়ে ছবি আঁকা ও নাচে সে অসাধারণ পারদর্শী। ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর বা বাংলা নববর্ষের মতো জাতীয় দিবসগুলোতে জেলা প্রশাসন ও শিশু একাডেমির প্রতিযোগিতায় সে নিয়মিত অংশ নেয় এবং প্রতিবারই পুরস্কার জয় করে। ওর সৃজনশীলতা আমাদের বিস্মিত করে।”
নুরজাহানের এই মেধার প্রশংসা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী। তিনি বলেন, “চরম প্রতিকূলতা জয় করে নুরজাহান শিল্পের মাধ্যমে নিজেকে মেলে ধরছে। এমন প্রতিভাকে বিকশিত করতে আমাদের সবার এগিয়ে আসা উচিত। সঠিক সহযোগিতা পেলে সে দেশের সম্পদে পরিণত হবে।”
শারীরিক ক্ষত আর দারিদ্র্যকে পেছনে ফেলে নুরজাহান এখন এক লড়াকু সত্তার নাম। তার এই স্বপ্নের পথে এগিয়ে যেতে সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।