অপশক্তি মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ: হাবিবুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে বিএনপি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। শহরের মাওয়া চাইনিজ রেস্তোরাঁ মোড়ে সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নবগঠিত জেলা যুবদল ও ছাত্রদলের যৌথ সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিবুল ইসলাম বলেন, “ফারাক্কার এক ইঞ্চি জায়গাও ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে দেশপ্রেমের অনন্য পরিচয় দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আজ দেশনায়ক তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের মাতৃভূমি থেকে ১২ লাখ রোহিঙ্গা নাগরিককে দ্রুত নিজ দেশে প্রত্যাবর্তন করাতে হবে।”
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাতক্ষীরায় বিএনপির প্রতিটি নেতাকর্মী দেশ ও দলের বিরুদ্ধে যেকোনো অপশক্তি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সব অন্যায়, অবিচার ও চক্রান্তের বিরুদ্ধে একতাবদ্ধ থেকে কঠিন প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমত উল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দোদায়েভ মাসুদ খান অর্ঘসহ অন্য নেতারা। শেষ পর্বে নবগঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।









