সরকারি ছুটি বৃদ্ধি ও চাল বরাদ্দ বাড়ায় সরকারকে ধন্যবাদ জানাল ঐক্য পরিষদ
নিজস্ব প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু। সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ঐক্য পরিষদের সভাপতিম-লীর সদস্য ও সাতক্ষীরা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি সোমনাথ ব্যানার্জি, জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বৈরাগী, জেলা ঐক্য পরিষদ নেতা আইনজীবী তারক মিত্র, শ্যামনগর উপজেলা সভাপতি বিষ্ণুপদ ম-ল, আশাশুনি উপজেলার আহ্বায়ক সাংবাদিক গোপাল কুমার ম-ল, কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক অসিত সেন, দেবহাটার সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, তালা উপজেলার প্রদ্যোত সরকার, সাতক্ষীরা সদর সাধারণ সম্পাদক বাসুদেব সিংহ, কলারোয়া উপজেলার সহসভাপতি তাপস কুমার, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত ঘোষ ও ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন ম-ল।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ানোর দীর্ঘদিনের দাবি পূরণ করায় বর্তমান সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য। এ ছাড়া প্রতিবছর দুর্গাপূজায় মন্দিরপ্রতি ৫০০ কেজি চাল বরাদ্দের জায়গায় এবার ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।









