আইনমন্ত্রীর সঙ্গে মতবিনিময় উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুতি সভা
পত্রদূত ডেস্ক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান আসাদের সঙ্গে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মতবিনিময় সভা উপলক্ষে প্রস্তুতি সভা করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য হেদায়েতুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, আইনজীবী নূরুল ইসলাম, আইনজীবী এম এম আশেক-ই-ইলাহী মুন্না, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী ও সদস্যসচিব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, জেলা তাঁতী দলের সভাপতি মো. হাসান শাহরিয়ার রিপন ও সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা, জিয়া মঞ্চের আহ্বায়ক ফয়জুল কবির খান, সাতক্ষীরা জেলা জাসাসের সদস্যসচিব মো. ফারুক হোসেন এবং সেতারা নাসরীন প্রমুখ।
সভায় আগামী ১৩ সেপ্টেম্বরের মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, নেতা-কর্মীদের অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে সভাটি সফল করার আহ্বান জানানো হয়।
আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আইনমন্ত্রীর সঙ্গে জেলা বিএনপির সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






