আশাশুনিতে ধান কেটে নেওয়ার অভিযোগ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে এক কৃষকের পৈতৃক জমির ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বাধা দেওয়ায় ওই কৃষককে মারধর করা হয়েছে বলেও জানা গেছে। বৃহস্পতিবার সকালে দাদপুর মৌজায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দাদপুর মৌজার ১১৯৭ নম্বর দাগের ৩৩ শতক পৈতৃক জমিতে চলতি ইরি মৌসুমে ধান চাষ করেছিলেন আগরদাড়ী গ্রামের জায়দুল ইসলাম স্বপন। আজ সকাল ৯টার দিকে শ্রমিকদের নিয়ে তিনি পাকা ধান কাটা শুরু করেন। কাজ শেষের দিকে হলে একই গ্রামের আক্তারুল ইসলাম ও আবদুস সবুর সরদারের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে বাধা দেয়।
অভিযোগে আরও বলা হয়েছেÑ বাধা দিতে গেলে হামলাকারীরা জায়দুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। পরে তারা প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ধান ও বিচালি জোরপূর্বক ঘাড় ও মাথায় বহন করে নিয়ে যায়। ঘটনার সময় হামলাকারীরা ভুক্তভোগী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত কৃষক জায়দুল ইসলামকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, “নিজের হাতে লাগানো ধান চোখের সামনে লুটে নিয়ে গেল। প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।”
আশাশুনি থানা পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধান কাটার একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









