রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে

এক দশক পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আবারও উত্তেজনাকর ৯০ মিনিট পার হতে দেখলো ফুটবল প্রেমীরা। বুদাপেস্টে পিএসজি–আর্সেনালের এই লড়াই নিস্পত্তি হলো টাইব্রেকার পরীক্ষাতেই। তাতে শেষ পর্যন্ত ৪–৩ গোলে জিতেছে পিএসজি। এ নিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার ট্রফি নিজেদের করে নিয়েছে ফরাসি ক্লাবটি। তাতে স্বপ্নভঙ্গ হয়েছে ইংলিশ ক্লাবটির।

এর আগে দুই দলের ৯০ মিনিট ও অতিরিক্ত আধা ঘণ্টার খেলা ১–১ এ সমতায় শেষ হয়। কাই হাভার্টজ আর্সেনালকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে সমতা আনেন উসমান দেম্বেলে।

রবিবার (৩০ মে) রাতে প্রথমার্ধে রক্ষণ জমাট রেখে খেলেছে আর্সেনাল। প্রায় ৭৭ শতাংশ বল নিজেদের দখলে রেখেও সুবিধা আদায় করতে পারেনি পিএসজি। বিপরীতে ২৩ শতাংশ বল দখলে রেখে গোলমুখে একটি শট থেকেই সুবিধা আদায় করে গানাররা। পিএসজি চারটি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

২০২১ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসির হয়ে জয়সূচক গোল করা কাই হাভার্টজই আজও আর্সেনালের হয়ে প্রথম গোলের খাতা উন্মুক্ত করেন। ৬ মিনিটের দেওয়া গোলে অবশ্য কিছুটা ভাগ্যের ছোঁয়াও আছে। মার্কিনিউস একটি ক্লিয়ারেন্স ট্রোসার্ডের গায়ে লেগে বিপরীত দিকে সরাসরি চলে আসে হাভার্টজের পায়ে।

বল নিয়ে বাঁ দিক দিয়ে দারুণ গতিতে বক্সে ঢুকে পড়েন তিনি। সামনে তখন কেবল ছিলেন গোলকিপার সাফোনভ। বেশ কঠিন একটা কোণ থেকে গোলকিপারের মাথার ওপর দিয়ে বুলেট গতিতে বল জালে জড়ান হাভার্টজ। বল গিয়ে আশ্রয় নেয় নেট’র ওপরের ডান কোণায়।

২৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে বুকোয়া সাকার ক্রস থেকে দুর্ঘটনা ঘটতে পারতো আবারও। তবে সাফোনভ দেখান পারফরম্যান্স। একপ্রকার লাফ দিয়ে হাত দিয়ে বিপদমুক্ত করেন। এ সময় ট্রোসার্ডের পয়ের সঙ্গে লেগে আঘাতও পান রাশিয়ান গোলকিপার। কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। প্রাথমিক চিকিৎসা শেষে আবারও গোলপোস্টের নিচে দাঁড়ান সাফোনভ।

৩৬ মিনিটে বুকোয়া সাকাকে বাঁধা দিতে গিয়ে ফ্রি-কিক দেন মেন্দেস। ডিক্লান রাইসের দারুণভাবে ভাসিয়ে দেওয়া ফ্রি-কিকটিতে মাথা ছুঁইয়েছিলেন হাভার্টজ। তবে তার নেওয়া হেডারটি পোস্টের অনেক দূর দিয়ে বাইরে চলে যায়।

শেষ দিকে আর্সেনালের ১১ জন খেলোয়াড়ের সবাই তখন নিজেদের রক্ষণভাগে নেমে আসে। তবে, অবশেষে পিএসজি আক্রমণের একটি ফাঁক খুঁজে পায়। মসকেরাকে ফাঁকি দিয়ে বল কাটিয়ে বক্সে বাড়ান মেন্দেস। হিনকাপিয়ের ক্লিয়ারেন্সটি বক্সের বাইরে থাকা ফ্যাবিয়ানের কাছে চলে যায়। বল পেয়ে দ্রুত নিজেকে সামলে নিয়ে গোলের উদ্দেশে হেড করেন তিনি। তবে শটটি লক্ষ্যে থাকেনি।

ম্যাচের প্রথমার্ধে গোল করার সুযোগ তৈরি হয়েছে খুবই কম, যার মূল কারণ আর্সেনালের জমাট রক্ষণভাগ। তারা নিজেদের নেওয়া একমাত্র শটটি থেকেই গোল আদায় করে নিয়েছে। অন্যদিকে, পিএসজি তাদের নেওয়া চারটি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি, যার সবশেষ প্রমাণ দেম্বেলের আরেকটি শট বারের অনেক ওপর দিয়ে চলে যাওয়া।

প্রথমার্ধে আর্সেনালের লিডের পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে পিএসজি। ৬৪ মিনিটে পেনাল্টিতে সমতা আনেন উসমান দেম্বেলে। এরপর যোগ করা ৩০ মিনিটে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবুও ফয়সালা না হওয়াতে ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল গড়ায় টাইব্রেকারে। শ্বারুদ্ধকর টাইব্রেকারে ৪-৩ ব‍্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের শিরোপা উৎসবে মাতে ফরাসি চাম্পিয়ন পিএসজি।

Ads small one

পাঁচ দিনের ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
পাঁচ দিনের ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক: মিয়ানমারের জান্তা প্রধান থেকে দেশটির প্রেসিডেন্ট হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক সফরে শনিবার (৩০ মে) ভারতে গিয়েছেন মিন অং হ্লাইং। প্রেসিডেন্ট হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।

পাঁচ দিনের এ সফরে প্রেসিডেন্ট হ্লাইং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। খবর রয়টার্স ও দ্য প্রিন্টের।

 

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল হ্লাইং। তারপর থেকে গত পাঁচ বছর ধরে মিয়ানমারের সামরিক নেতৃত্ব থেকে মুখ ঘুরিয়ে রেখেছিল প্রতিবেশী কয়েকটি দেশ।

 

কিন্তু বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়ার পর হ্লাইং আঞ্চলিক সম্পৃক্ততা আবার ফিরে পাচ্ছেন; তার ভারত সফর এমনটিই তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভারতের জন্য হ্লাইংয়ের এ সফর মিয়ানমারের ওপর চীনের বিশাল প্রভাব কমানোর একটা সুযোগ।

 

মিয়ানমারে গুরুত্বপূর্ণ বিরল খনিজমাটির মজুতে প্রবেশাধিকার নিশ্চিত করতে ও ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে দেশটির সঙ্গে কাজ করছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাংবাদিকদের জানান, ভারত ও মিয়ানমারের মধ্যে সম্পর্কের পরিধির অংশ সব বিষয় আলোচনায় আসবে।

 

ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মিয়ানমার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হোসে রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে বেসামরিক পোশাক পরার পর মিন অং হ্লাইং ওই অঞ্চলজুড়ে কূটনৈতিক সম্পৃক্ততা বাড়াতে চাইছেন। থাইল্যান্ড ও আরও কিছু সদস্য দেশের সমর্থন নিয়ে তিনি আসিয়ানের সঙ্গে আরও স্বাভাবিক মিত্রতা আশা করছেন। তিনি শিগগিরই শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে বেইজিং সফরে যেতে পারেন।

খুলনার সোনাডাঙ্গায় মিলল নানী ও দুই নাতির মরদেহ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
খুলনার সোনাডাঙ্গায় মিলল নানী ও দুই নাতির মরদেহ

অনলাইন ডেস্ক: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে এক বৃদ্ধা ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করা হলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

নিহতরা হলেন বেবি (৬৫), তার নাতি মুস্তাকিম (৭) ও শামীম (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে বাসার দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর খবর দিলে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে রাকিব খান নামে এক যুবককে এলাকায় দেখা যাচ্ছে না। তবে তার সঙ্গে ঘটনার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি পুলিশ।

 

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

পুলিশ আরও জানায়, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সেগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। পুলিশ বলছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পহেলা জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দুয়ার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
পহেলা জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দুয়ার

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল সোমবার (১ জুন) থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় জেলে, বাওয়ালী, মৌয়ালী এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না।

বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময়ে নদী-খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ নির্বিঘœ রাখতে প্রতিবছরের মতো এবারও তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পাস-পারমিট ইস্যু করা হবে না। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বন কর্মকর্তারা বলছেন, পর্যটক ও বনজীবীদের নৌযান চলাচলের কারণে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ ও প্রজনন ব্যাহত হয়। তিন মাস বনকে নিরবচ্ছিন্ন পরিবেশ দেওয়া গেলে মাছ, গাছপালা ও বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য আরও সমৃদ্ধ হবে।

তবে এ নিষেধাজ্ঞায় সুন্দরবননির্ভর হাজারো জেলে, বাওয়ালী ও মৌয়ালী পরিবার আর্থিক সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বনজীবীদের জন্য সরকারি সহায়তার বিষয়ে বন বিভাগ ও মৎস্য বিভাগ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে পর্যটননির্ভর নৌযান মালিক ও শ্রমিকরাও দীর্ঘ তিন মাস কর্মহীন সময় পার করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে বুড়িগোয়ালিনী এলাকার কাঁকড়া জেলে জামাল হোসেন বলেন, তিন মাস সুন্দরবনে প্রবেশের জন্য পাস বন্ধ করে দেওয়া মানে আমাদের মতো জেলেদের পেটে লাথিমারা। জেলে আনিসুর বলেন সুন্দরবনে যেতে না পারলে উপকূলের জেলেদের আর্থিক সংকটে পড়ে এনজিও থেকে লোনের টাকা নিয়ে আমাদের চলতে হবে।

নীলডুমুর পর্যটক বাহি ট্রলার মাঝি রিপন গাজী বলেন, আমাদের নদীতে নোনা পানী আর এই পানিতে প্রচুর নোনা পোকা আমাদের বোর্ডগুলো নোনাই খেয়ে ফেলে বস্তি থাকার কারণে তবে বাস চালু থাকলে আমাদের বোর্ডগুলো নষ্ট হতো না, আমরা এই পাস বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছি।

বন বিভাগ জানায়, ১ সেপ্টেম্বর থেকে পুনরায় সুন্দরবন সবার জন্য উন্মুক্ত করা হবে। এ সময়ের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।