উপকূলীয় ক্লব কার্যালয়ে সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মতবিনিময়
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার উপকূলীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সামাজিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপকূলীয় প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপকূলীয় অঞ্চলের বিদ্যমান বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। স্থানীয় সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গাজী দিদারুল আলম, সাবেক সেনা সদস্য ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জি এম রুস্তম আলী, কলবাড়ি কাঁকড়া সমবায় সমিতির সভাপতি মোল্লা রেজাউল করিম, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হোসেন আলী এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা উপকূলীয় অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।










