শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

অনলাইন ডেস্ক: ভারতের কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা ভ্রমণের ক্ষেত্রে আগেই হোটেল বুকিং নিশ্চিত করাসহ কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট কলকাতায় সংঘটিত অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কলকাতায় ভ্রমণকারী নাগরিকদের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এসব নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

 

নির্দেশনায় কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করার পাশাপাশি হোটেলটির বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে যথাযথভাবে জেনে ভ্রমণ করতে বলা হয়েছে।

 

চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া রোগীর সফরসঙ্গীদেরও (অ্যাটেনডেন্ট) যাওয়ার আগে হোটেল বুকিং নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে উপ-হাইকমিশন। একই সঙ্গে হোটেলের কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা, হোটেল থেকে হাসপাতালের দূরত্ব ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে আগেই নিশ্চিত হতে বলা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলকাতায় সাম্প্রতিক মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় নিরাপত্তাবিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে এক মাসের বেশি সময় লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

 

এ পরিস্থিতিতে কলকাতায় গিয়ে আবাসনসংকটে পড়া এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করেছে উপ-হাইকমিশন।

Ads small one

প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

বগুড়ার শিবগঞ্জে এক প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি দুর্ঘটনা কবলে পড়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন এ তথ্য জানান।

জানা গেছে, শুক্রবার সকালে প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি সফরে ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনি এলাকা জয়পুরহাট যাচ্ছিলেন। গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও ছিলেন। শুক্রবার সকাল ৯টার দিকে তার গাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে পৌঁছে। এ সময় ফিরোজা (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটি রাস্তার পাশে ধান ক্ষেতে নেমে দেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

এদিকে দুর্ঘটনায় ফিরোজা নামে ওই নারী কিছুটা আহত হয়েছেন। তাকে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়।

ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, দুর্ঘটনায় ওই নারী সামান্য আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন।

শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপির অন্তাখালী খালে উপজেলা মৎস্য অফিস কর্তৃক অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ৫টি ও বুলু নেট জাল ১২টি জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল গুলি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রমজাননগর ইউনিয়ন পরিষদের সহায়তায় রমজাননগর ইউপিতে বেসরকারী সংস্থা সিএনআর এস কর্তৃক খননকৃত অন্তাখালী খালে এ অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তৌহিদ হাসানের নির্দেশনায় অভিযানে নেতৃত্বদেন মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোঃ মুজিবর রহমান। এ সময় রমজাননগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশসহ স্থানীয় গ্রামবাসী অভিযানে সহায়তা করেন।
অভিযানশেষে জব্দকৃত জালগুলো পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণের স্বার্থে অন্তাখালী এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তৌহিদ হাসান বলেন চায়না দুয়ারী জাল, বুলু নেট জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হয়। শ্যামনগর সব এলাকায় এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে চায়না দুয়ারী জাল অবাধে ব্যবহারের কারণে জলাশয়ের ছোট-বড় সবধরনের মাছ পোনা ও জলজ প্রাণি হুমকির মুখে। উপজেলা মৎস্য অফিসের এ ধরনের অভিযান মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেশবপুর ভোরে হাঁটতে বেরিয়ে পরিবহনের চাপায় এক নারীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
কেশবপুর ভোরে হাঁটতে বেরিয়ে পরিবহনের চাপায় এক নারীর মৃত্যু

এম এ রহমান, কেশবপুর (যশোর): যশোর-সাতক্ষীরা ভায়া চুকনগর মহাসড়কে একটি পরিবহনের চাপায় রোকেয়া খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটি সড়কের পাশে থাকা একটি হাফিজিয়া মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ে। তবে ওই সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ফজরের নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে অবস্থান করায় বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কেশবপুর উপজেলার মধ্যকুল কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া খাতুন মধ্যকুল এলাকার রেজাউলের স্ত্রী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, রোকেয়া খাতুন প্রতিদিনের ন্যায় শুক্রবার ভোরে হাঁটতে বের হন। তিনি যশোর-সাতক্ষীরা মহাসড়কের মধ্যকুল কালিতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার পর ওই এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

 

দুর্ঘটনাকবলিত পরিবহনটি স্টার ডিলাক্স কোম্পানির এবং কী কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছিল বলে জানান ওসি রোকসানা খাতুন।