কলারোয়ায় গ্রাম আদালতের সচেতনতা ক্যাম্পেইন ও শোভাযাত্রা
নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে বার্ষিক ক্যাম্পেইন, কুইজ প্রতিযোগিতা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন ইউপি প্রশাসক মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু সাইম, ইউপি সদস্য শাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, নাজমুন নাহার ও ডলি আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যকারিতা ও আইনি সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কলারোয়া উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ। আলোচনা শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ২০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে সকালে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, সর্বসাধারণের দোরগোড়ায় গ্রাম আদালতের তথ্য পৌঁছে দিতে ইতিমধ্যে উপজেলার হেলাতলা, লাঙ্গলঝাড়া, কয়লা ও জালালাবাদ ইউনিয়নে ভিডিও প্রদর্শনী ও বিশেষ ক্যাম্পেইন করা হয়েছে।









