কলারোয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী নানা কর্মসূচি ও সেলাই মেশিন বিতরণ
কলারোয়া প্রতিনিধি: জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর কলারোয়া উপজেলায় প্রথম সরকারি সফরে এসে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন মিজ্ কাউসার আজিজ। গত বৃহস্পতিবার সকালে তিনি কলারোয়া পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে বাল্যবিবাহ, মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে এক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর জোর দিয়ে বলেন, সচেতনতা ও সামাজিক ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বাল্যবিবাহ ও মাদকের মতো সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার ও প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান।
পরে জেলা প্রশাসক কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শিষ্টাচার ও নৈতিকতা ক্যাম্পেইন’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন। এরপর তিনি উপজেলা অডিটোরিয়ামে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। সফরকালে তিনি পাঁচপোতা আশ্রয়ণ প্রকল্প, হেলাতলা কমিউনিটি ক্লিনিক, কলারোয়া গার্লস স্কুলের সাইক্লোন সেন্টার নির্মাণকাজ এবং মুরারিকাটির রপ্তানিযোগ্য টালিকারখানা পরিদর্শন করেন।






