কলারোয়ার খোরদো বাওড়ে গাছের চারা রোপণ করলেন জেলা প্রশাসক
সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কপোতাক্ষ খোরদো বাওড় এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) মিস কাউসার আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চারা রোপণ কার্যক্রমে অংশ নেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।
বৃক্ষরোপণকালে জেলা প্রশাসক মিস কাউসার আজিজ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। খোরদো বাওড় এলাকার প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য সুন্দর রাখতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বাওড় এলাকাসহ সমগ্র উপজেলায় সবুজায়ন প্রসারে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ উদ্যোগে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানান। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বাওড় পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জুলফিকার আলী কলারোয়া থেকে।









