শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

কলারোয়া থানায় মারামারির মামলা করায় ক্ষিপ্ত আসামি পক্ষ, এবার বাদীর স্ত্রীর ওপর হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
কলারোয়া থানায় মারামারির মামলা করায় ক্ষিপ্ত আসামি পক্ষ, এবার বাদীর স্ত্রীর ওপর হামলা

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় পূর্বে দায়ের করা মারামারির মামলার জের ধরে বাদীর স্ত্রীর ওপর দলবদ্ধ হামলার অভিযোগ উঠেছে আসামি পক্ষের বিরুদ্ধে। গত ২০ আগস্ট বুধবার বিকেলে উপজেলার ধানঘরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ কামরুন্নাহার (৫০) আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বৃহস্পতিবার কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধানঘরা গ্রামের মোঃ আলাউদ্দিন বাদী হয়ে কলারোয়া থানায় একটি মারামারির মামলা (মামলা নং- ০৭/১৩৪) দায়ের করেন। উক্ত মামলায় আসামি হওয়ার পর থেকেই একই এলাকার মৃত ছহিল উদ্দীন মোড়লের ছেলে মোঃ আব্দুস সামাদ (৪২) ও তাঁর পরিবার বাদীর পরিবারের ওপর চরম ক্ষিপ্ত হয়।

এরই জের ধরে গত ২০ আগস্ট বিকেল আনুমানিক ৫ টার দিকে আলাউদ্দিনের স্ত্রী মোছাঃ কামরুন্নাহার পাওনাদারের টাকা পরিশোধের জন্য বাড়ি থেকে বের হলে আসামিরা দলবদ্ধ হয়ে তাঁর পথরোধ করে। এ সময় ১ নং বিবাদী আব্দুস সামাদ, তাঁর ছেলে মোঃ জীবন হোসেন (১৮) ও স্ত্রী মোছাঃ ববিতা খাতুন (৩৮) তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। প্রতিবাদ জানালে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাঁকে লক্ষ্য করে একাধিক ইটপাটকেল নিক্ষেপ করে, যার ফলে তিনি ফোলা সাধারণ জখম প্রাপ্ত হন।

পরবর্তীতে আসামিরা ধারালো দা ও লাঠিসোটা নিয়ে পুনরায় আক্রমণের চেষ্টা চালালে ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম, আনজুয়ারা খাতুন ও মনিসহ আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। স্থান ত্যাগ করার সময় আসামিরা প্রকাশ্যেই ভুক্তভোগী ও তাঁর পরিবারকে খুন-জখমের হুমকি প্রদান করে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কলারোয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাদীর লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Ads small one

জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী

নজিরবিহীন বৈশ্বিক অস্থিতিশীলতা, যুদ্ধ ও ভয়াবহ বাজেট সংকটে থাকা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উত্তরসূরি হওয়ার দৌড়ে নেমেছেন পাঁচ নারী ও তিন পুরুষ। তবে বিশ্বের প্রধান শক্তিগুলো এ বিষয়ে বিভক্ত থাকায় কে এগিয়ে আছেন, তা নিশ্চিত করে বলা কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রার্থীদের সমর্থন যাচাইয়ে প্রথম অনানুষ্ঠানিক ভোটে কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান এগিয়ে ছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ প্রার্থীদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে তা সাধারণ পরিষদের অনুমোদনের জন্য পাঠাবে। তবে প্রয়োজনীয় নয়টি ভোটের পাশাপাশি পাঁচ স্থায়ী সদস্যের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়া) ভেটো এড়ানোই হবে মূল চ্যালেঞ্জ।

রেবেকা গ্রিনস্প্যান (কোস্টারিকা): আঙ্কটাডের প্রধান ও কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধের পর ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ চুক্তিতে মধ্যস্থতা করে তিনি প্রশংসিত হন। ৭০ বছর বয়সী এই প্রার্থী ইহুদি পরিবারের সন্তান, যাদের স্বজনরা হলোকাস্ট থেকে বেঁচে ফিরেছিলেন।

মিশেল বাচেলেত (চিলি): ৭৪ বছর বয়সী চিলির এই সাবেক প্রেসিডেন্ট জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ছিলেন। উইঘুর নির্যাতন নিয়ে প্রতিবেদন দেওয়ায় চীনের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। গর্ভপাতের অধিকার সমর্থন করায় যুক্তরাষ্ট্র তার সমালোচনা করেছে এবং নিজ দেশ চিলিও সমর্থন প্রত্যাহার করেছে। তবে মেক্সিকো ও ব্রাজিল তাকে সমর্থন দিচ্ছে।

মারিয়া ফার্নান্দা এসপিনোসা (ইকুয়েডর): সাধারণ পরিষদের সাবেক সভাপতি ৬১ বছর বয়সী এসপিনোসা সংস্থাটির ব্যাপক সংস্কার এবং সংঘাত এড়াতে আগাম সতর্কতা ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন। অ্যান্টিগুয়া ও বারবুডা তাকে সমর্থন করলেও নিজ দেশ ইকুয়েডর সমর্থন দেয়নি।

রাফায়েল গ্রসি (আর্জেন্টিনা): ৬৫ বছর বয়সী এই জ্যেষ্ঠ কূটনীতিক বর্তমানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান। ইরানের পরমাণু কর্মসূচি ও ইউক্রেনের জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্র ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ক্যারোলিন রড্রিগেস-বির্কেট (গায়ানা): ৫২ বছর বয়সী গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত সংস্থাটির হারানো বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন।

হাসপাতাল থেকে আবার কারাগারে ইমরান খানহাসপাতাল থেকে আবার কারাগারে ইমরান খান
ইভোনে এ-বাকি (ইকুয়েডর): ৭৫ বছর বয়সী এই কূটনীতিক ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন। লেবানিজ বংশোদ্ভূত এ-বাকিকে টোঙ্গা মনোনীত করেছে এবং কাতারসহ উপসাগরীয় অঞ্চলে তার ভালো প্রভাব রয়েছে।

ম্যাকি সাল (সেনেগাল): ৬৪ বছর বয়সী সেনেগালের সাবেক প্রেসিডেন্ট একমাত্র প্রার্থী যিনি ল্যাটিন আমেরিকার নন। আফ্রিকান ইউনিয়ন ও নিজ দেশের সমর্থন পেলেও তার বিরুদ্ধে নিজ দেশে সহিংস বিক্ষোভ দমনের অভিযোগ রয়েছে।

ওলার ওতুন্নু (উগান্ডা): ৭৫ বছর বয়সী ওতুন্নু কফি আনানের অধীনে শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি উগান্ডার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে চার জন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে চার জন

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন আরও চার জন। শপথ গ্রহণের জন্য তারা বঙ্গভবনে পৌঁছেছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, রাষ্ট্রপতির শপথগ্রহণের পর নতুন রাষ্ট্রপতি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পড়াবেন।

জানা গেছে, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১২শ’র বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতির শপথের পর দরবার হলেই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, যারা শপথের জন্য ডাক পেয়েছেন তারা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, ক্ষমতাসীন বিএনপির জোট শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সেখানকার সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।

এর আগে বিকাল থেকেই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন সড়কে ডাইভারশন রাখা হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে এরই মধ্যে আমন্ত্রিত অতিথিরাও আসতে শুরু করেছেন। আমন্ত্রণপত্রের কার্ড দেখিয়ে অতিথিদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে। মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

বঙ্গভবনের সামনে দীর্ঘদিনের ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে আশপাশের সড়ক ও ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ায় এলাকাটি অনেকটাই ফাঁকা রয়েছে। তবে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।

বঙ্গভবনের দরবার হলে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথ পড়াবেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের পর রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। শপথ শেষে শপথ বইয়ে সই করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তিনি রাষ্ট্রপতির চেয়ারে আসীন হবেন।

বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে যোগ দিতে ১ হাজার ২০০-এর বেশি আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। দরবার হলে সাধারণ সময়ের তুলনায় এবার আসনসংখ্যাও বাড়ানো হয়েছে। প্রায় ৪০০ জনের বসার ব্যবস্থা থাকলেও এবার তা বাড়িয়ে ৮০০-এর বেশি করা হয়েছে।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিদের পাশাপাশি বিদেশি অতিথি, রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিরোধী দলের নেতা ও সংসদ সদস্য, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতির শপথের পরই মন্ত্রিসভার নতুন চার সদস্যের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তাঁদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির শপথের আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আসবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে প্রবেশ করবেন। পরে তাঁরা দরবার হলে যাবেন।

শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের বাইরে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ দেখা গেছে। মূল প্রবেশপথের বাইরে নিরাপত্তার কারণে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হলেও সেখানে দলটির বেশ কিছু নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। একই দিন নির্বাচন কমিশন মির্জা ফখরুলকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে পদটি শূন্য হয়। সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বেরও অবসান হবে।