বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আওতায় পরিচালিত অর্থনৈতিক শুমারি, ২০২৪ এর প্রতিবেদন প্রকাশ বিষয়ক সেমিনার আজ (বুধবার) বিকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথি বলেন, অর্থনৈতিক শুমারি একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি সরকারি নীতি নির্ধারণে সহায়তা করে। বাংলাদেশে গ্রামীণ অর্থনীতি যে আমূল পরিবতির্ত হয়েছে তা এই অর্থনৈতিক শুমারি ২০২৪ এ উঠে এসেছে। তবে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নারীদের অগ্রগতি আশানুরূপ অর্জিত হয়নি। এ ক্ষেত্রে আরও কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বেই সেবাখাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিন্তু সেবাখাতকে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন একটি দক্ষ, শিক্ষিত ও মেধাবী জনগোষ্ঠী। আমাদেরও এদিকে খেয়াল রাখতে হবে।

খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক (ভারপ্রাপ্ত) মো: আব্দুল আলীমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. সাজাদুর রহমান রাসেল। সেমিনারে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। স্বাগত বক্তৃতা করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আইয়ুব হোসেন।

মুলপ্রবন্ধে জানানো হয়, ‘সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত’ এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ২০২৪ সালে সিএপিআই এবং জিআইএস ম্যাপিং ব্যবহার করে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়। বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। দ্বিতীয় অর্থনৈতিক শুমারি ২০০১ এবং ২০০৩ সালে (দুটি পর্যায়ে) এবং তৃতীয় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় চতুর্থ তথা সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ২০২৪ সালে। এ শুমারিতে মোট ৮৭,৪১৯টি গণনা এলাকা গঠন করে প্রতিটি এলাকায় আনুমানিক ১৫০টি অর্থনৈতিক ইউনিট অন্তর্ভুক্ত করা হয়।

শুমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,০২,৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮,১৮,৫৬৫টি। তাতে বোঝা যায়, দুইটি শুমারির মধ্যে (২০১৩ থেকে ২০২৪) অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪৯.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, খুলনা বিভাগে বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৪৪৫টি, যার মধ্যে স্থায়ী ৭ লাখ ৭ হাজার ৬৭৬, অস্থায়ী ৬১ হাজার ৮৬৮টি ও অর্থনৈতিক খানা রয়েছে ৭ লাখ ১৯ হাজার ৯০১টি। ২০১৩ সালের শুমারিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৯ লাখ ৯৮ হাজার ৭৯১টি। অর্থাৎ বিগত এক দশকে খুলনা বিভাগে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার প্রায় ৪৯.১২ শতাংশ। সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। তথ্যবিবরণী

 

 

 

 

Ads small one

অবহেলিত কালিগঞ্জ-রতনপুর-নূরনগর-শ্যামনগর সড়ক ও অন্তহীন জনদুর্ভোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
অবহেলিত কালিগঞ্জ-রতনপুর-নূরনগর-শ্যামনগর সড়ক ও অন্তহীন জনদুর্ভোগ

সম্পাদকীয়

সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার সংযোগ রক্ষাকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ কালিগঞ্জ-রতনপুর-নূরনগর-শ্যামনগর সড়কটির বর্তমান বেহাল দশা কেবল জনদুর্ভোগেরই কারণ নয়, বরং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক চরম উদাসীনতার স্মারক হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে এই সড়কের বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। ফলে প্রতিদিন চরম ঝুঁকি ও আতঙ্ক নিয়ে চলাচল করছেন হাজার হাজার যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। একটি জনগুরুত্বপূর্ণ সড়কের এই কঙ্কালসার দশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এই সড়কটির ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর, রতনপুর ও ধলবাড়িয়া এবং শ্যামনগর উপজেলার নূরনগর, সদর, কৈখালী ও রমজাননগর ইউনিয়নের লাখো মানুষ জেলা শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য এই পথটি ব্যবহার করেন। উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা ও জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রেও এই সড়কটি অন্যতম প্রধান মাধ্যম। অথচ বাস্তব চিত্র হলো, সড়কের কোথাও হয়তো কিছুটা সংস্কার হয়েছে, আবার বড় অংশ জুড়েই রয়ে গেছে ভাঙাচোরা আর মরণফাঁদ। বিশেষ করে বর্ষা মৌসুমে যখন এই গর্তগুলো পানিতে তলিয়ে যায়, তখন সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে; আশঙ্কাজনকভাবে বাড়ে ছোট-বড় দুর্ঘটনা।

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের আগে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের প্রার্থীরা এই সড়ক দিয়েই যাতায়াত করেছেন এবং দ্রুত সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন দৃশ্যমান হয়নি। দুই আসনের জনপ্রতিনিধি একই ঘরানার হওয়া সত্ত্বেও সমন্বিত ও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়া স্থানীয় জনগণকে চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ করেছে। দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় দুই উপজেলার সীমান্ত এলাকার মানুষ আজ নিজেদের অবহেলিত ও প্রান্তিক মনে করছেন।

একটি দেশের টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন তার প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সচল ও নিরাপদ থাকে। জোড়াতালির সংস্কার বা সাময়িক মেরামতের নামে সরকারি অর্থের অপচয় আমরা আর দেখতে চাই না। কালিগঞ্জ-শ্যামনগর সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলোর দ্রুত টেকসই ও দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। জনদুর্ভোগ লাঘব এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সংশ্লিষ্ট দুই আসনের জনপ্রতিনিধিরা দ্রুত কার্যকর সমন্বিত পদক্ষেপ নেবেনÑএটাই আমাদের প্রত্যাশা।

 

 

 

 

 

 

 

ঘৃণাত্মক বক্তব্য প্রতিরোধ; সুনাগরিকের দায়িত্ব

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
ঘৃণাত্মক বক্তব্য প্রতিরোধ; সুনাগরিকের দায়িত্ব

সাকিবুর রহমান বাবলা

প্রতিবছর ১৮ জুন পালিত হয় ঘৃণাত্মক বক্তব্য প্রতিরোধের আন্তর্জাতিক দিবস। বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম, জনসভা, সেমিনার কিংবা বিভিন্ন জনসমাগমস্থলে মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। কারণ ঘৃণাত্মক বক্তব্য ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে বিভাজন, বৈরিতা এবং সহিংসতার পরিবেশ সৃষ্টি করতে পারে।

একজন সুনাগরিক হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তথ্য যাচাই ছাড়া কোনো উসকানিমূলক, বিদ্বেষমূলক বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার না করা। অনলাইনে কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করা জরুরি। একই সঙ্গে ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ, পেশা বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে কাউকে হেয় করে এমন মন্তব্য থেকে বিরত থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণাত্মক কনটেন্ট দেখলে তা ছড়িয়ে না দিয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করা ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করা এবং সচেতনতামূলক ইতিবাচক বার্তা প্রচার করা নাগরিক দায়িত্বের অংশ। জনসভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠানে ভিন্নমতকে সম্মান করা, সংলাপ ও সহনশীলতার চর্চা করা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করা প্রয়োজন।

পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগে সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা গড়ে তোলা সম্ভব। ঘৃণা নয়, যুক্তি; বিদ্বেষ নয়, মানবতা—এই চেতনা ধারণ করলেই একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

ঘৃণাত্মক বক্তব্য প্রতিরোধ কেবল আইনের বিষয় নয়; এটি সচেতন নাগরিকত্বেরও পরীক্ষা, ধর্মীয় অনুশাসন বাস্তবায়ন। তাই আসুন, আমরা সবাই দায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্মান, সম্প্রীতি ও মানবিকতার সংস্কৃতি গড়ে তুলি।

 

 

 

 

 

 

 

আশাশুনিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
আশাশুনিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হেদায়েতুল ইসলাম, জামায়াতের নায়েবে আমীর নুরুল আফছার মোর্তজা, আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ এবং প্রেস ক্লাব সভাপতি এস কে হাসান।

এ ছাড়া সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আশাশুনি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এর আগে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক একটি ছাত্রী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে তিনি বুধহাটা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও আশাশুনি থানা পরিদর্শন করেন।