বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

গাবুরায় ৫০ পরিবার পেল পানির ট্যাংক, ৪০০ শিশুকে নগদ সহায়তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
গাবুরায় ৫০ পরিবার পেল পানির ট্যাংক, ৪০০ শিশুকে নগদ সহায়তা

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরায় পানির সংকটে থাকা ৫০ পরিবারের মধ্যে বিনামূল্যে এক হাজার লিটার ধারণক্ষমতার প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ৪০০ এতিম ও ছিন্নমূল শিশুর পুষ্টি সহায়তায় পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বুধবার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেসরকারি সেবা সংস্থা ব্রতী ও নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটির (নাবিক) যৌথ উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আল হুদা মালি, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি রুবাইয়া ইয়াসমিন রূপা, ব্রতীর এরিয়া ম্যানেজার মো. সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দুর্যোগপ্রবণ গাবুরায় সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। নতুন করে ৫০টি পরিবারকে ট্যাংক দেওয়ার পাশাপাশি ৪০০ শিশুকে দুই মাসের খাদ্য ও পুষ্টির জন্য দুই হাজার ৪০০ টাকা করে দেওয়া হয়েছে। নাবিকের অর্থায়নে ব্রতী সংস্থাটি এলাকায় গৃহনির্মাণ, পুকুর খনন ও ভাসমান স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক কাজ পরিচালনা করছে।

Ads small one

ছয়ঘরিয়া মাদ্রাসার সুপারের বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
ছয়ঘরিয়া মাদ্রাসার সুপারের বিদায় সংবর্ধনা

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মোহাম্মদ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মনির উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিলনগর আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার সহ-সুপার ও ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি। এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার আমির ও মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোশারফ হোসেন, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল গফফার বক্তব্য দেন।

ন্যায়বিচার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার: মোহাম্মদ নজরুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
ন্যায়বিচার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার: মোহাম্মদ নজরুল ইসলাম

বদিউজ্জামান: ‘ন্যায়বিচার কোনো বিত্তবান মানুষের একক অধিকার নয়; এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। অর্থের অভাবে কোনো মানুষ যেন বিচারপ্রাপ্তি থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই লিগ্যাল এইড কাজ করছে।’
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করা। লিগ্যাল এইড শুধু বিনামূল্যে আইনজীবী দেওয়ার ব্যবস্থা নয়; এটি অসহায় মানুষের পাশে রাষ্ট্রের দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আইনি পরামর্শ, মামলা পরিচালনা, মধ্যস্থতা ও বিরোধ নিষ্পত্তির মাধ্যমে লিগ্যাল এইড মানুষের বিচার পাওয়ার পথকে সহজ করে।

সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, আদালতে মামলা করাই সব সমস্যার সমাধান নয়। যেখানে সম্ভব, পারস্পরিক সমঝোতা ও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে সময় ও অর্থের সাশ্রয়ের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সম্পর্কও রক্ষা করা সম্ভব। লিগ্যাল এইডের মধ্যস্থতা কার্যক্রম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, একজন দরিদ্র মানুষ যখন আইনি সহায়তার মাধ্যমে তার ন্যায্য অধিকার ফিরে পান, তখন শুধু একজন ব্যক্তিই উপকৃত হন না; ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থাও আরও শক্তিশালী হয়। সমাজের প্রান্তিক মানুষকে আইনের আওতায় এনে তার অধিকার প্রতিষ্ঠা করাই লিগ্যাল এইডের অন্যতম প্রধান উদ্দেশ্য।

সভায় তিনি লিগ্যাল এইডের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রয়োজনীয় মানুষের কাছে সরকারি আইনগত সহায়তার সুযোগ পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জাকারিয়া হোসেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট বিএম মিজানুর রহমান পিন্টু এবং জিপি অসীম কুমার মন্ডল।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান, এনজিও প্রতিনিধি মনিরুজ্জামান, সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

সভায় বিচার বিভাগ সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারক, প্যানেল আইনজীবী এবং সরকারি-বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. মুস্তাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিভিল জজ) লিটন দাস।

নগরঘাটায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
নগরঘাটায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ

তালা প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে তালার নগরঘাটায় বিথী আইডিয়াল স্কুলে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের হাতে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

বিদ্যালয়ের পরিচালক আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে তালা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসিত কুমার ম-ল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বক্তব্য দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।