ছাত্রদল নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জেলা কমিটির
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি, সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ও ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হোসেনসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা ছাত্রদল।
শনিবার রাত দশটার দিকে ঘোনা ইউনিয়ন এলাকায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায় বলে অভিযোগ তোলা হয়। এতে বাপ্পিসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান ও সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান এক যৌথ বিবৃতিতে জানান, কাপুরুষোচিত এ ধরনের হামলা বরদাশত করা হবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তাঁরা।









