ড. ইউনূসের ‘দেশবিরোধী চুক্তির’ প্রতিবাদে সাতক্ষীরায় লিফলেট বিতরণ
ড. মুহাম্মদ ইউনূসের তথাকথিত ‘দেশবিরোধী চুক্তির’ প্রতিবাদে প্রচার সপ্তাহ পালন করছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। এরই অংশ হিসেবে সাতক্ষীরা শহরের বিভিন্ন মোড়ে ও প্রেসক্লাব এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। গত ১৯ এপ্রিল (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত এই প্রচার অভিযান চালানো হয়। কর্মসূচিতে বামপন্থি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
প্রচার অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী এবং মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। এ সময় বক্তারা বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে এমন কোনো চুক্তি বা পদক্ষেপ জনগণ মেনে নেবে না। তাঁরা সাম্রাজ্যবাদী শক্তির প্রভাবমুক্ত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী আন্দোলনের জেলা সংগঠক প্রকাশচন্দ্র মন্ডল, সাংবাদিক রেয়াজুল ইসলাম ও রেজাউল করিমসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, বর্তমান প্রেক্ষাপটে ড. ইউনূসের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও আন্তর্জাতিক চুক্তির নেতিবাচক দিকগুলো জনগণের সামনে তুলে ধরতেই এই ‘প্রচার সপ্তাহ’ পালন করা হচ্ছে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লিফলেট বিতরণের মাধ্যমে এই কার্যক্রম আগামী কয়েক দিন অব্যাহত থাকবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি










