তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা
পত্রদূত ডেস্ক: ‘যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো’—প্রতিপাদ্যে বৈচিত্র্যের বন্ধনে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান নিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত্বাধীন সম্প্রীতি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে এক্টিভিস্টা সাতক্ষীরার উদ্যোগে, সিডো সংস্থার বাস্তবায়নে, অ্যাকশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টের লেকভিউতে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলা উপলক্ষে সকাল সাড়ে ৯টায় কামালনগর ঈদগাহ থেকে একটি সম্প্রীতি র্যালি বের করা হয়। র্যালিটি লেকভিউতে গিয়ে শেষ হয়।
সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপপরিচালক মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটিসহ সাংবাদিক ও জেলা মন্দির কমিটির নেতারা।
মেলায় ‘কানেক্টিং ডটস ফর সোশ্যাল কোহেশন’ বা সামাজিক সংহতির জন্য সংযোগ স্থাপনের বিষয়টি তুলে ধরা হয়। আয়োজকদের মতে, শান্তি মানে শুধু সংঘাতের অনুপস্থিতি নয়; বরং পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা, আলোচনার সুযোগ সৃষ্টি, বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া, বঞ্চনা ও প্রান্তিকীকরণ মোকাবিলা এবং মানুষের মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।
মেলায় ২০২২ সাল থেকে বাস্তবায়িত যুব নেতৃত্বাধীন বিভিন্ন ইতিবাচক সামাজিক উদ্যোগ ও সাফল্য তুলে ধরে তিনটি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। অতিথিরা স্টলগুলো পরিদর্শন শেষে ‘সম্প্রীতির বৃক্ষ’-এ নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।
এ ছাড়া মেলায় ছিল লাইভ আর্ট প্রতিযোগিতা, পিস ক্যানভাস, পিস ওয়াল, সলিডারিটি ট্রি, আন্তঃপ্রজন্মীয় খেলাধুলা, পিস অলিম্পিয়াড, সাংস্কৃতিক পরিবেশনা, জারিগান ও যুবনাট্য। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং পিস ডিক্লারেশন ঘোষণা করা হয়।
মেলার মূল আকর্ষণ ছিল তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সৃজনশীলতা ও নেতৃত্ব। এ আয়োজনের মাধ্যমে তরুণদের সম্প্রীতির দূত হিসেবে গড়ে তোলা এবং শান্তিপূর্ণ, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।
তাঁরা জানান, বিভিন্ন শ্রেণি, ধর্ম ও প্রজন্মের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্বকে উৎসাহিত করবে এ আয়োজন।









