কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবলের প্রস্তুতি সভা
কলারোয়া প্রতিনিধি: আগামী ১৬ আগস্ট সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-কে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে কলারোয়া উপজেলা প্রশাসন। ৩ আগস্ট সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় উদ্বোধনী খেলায় শ্যামনগর উপজেলার বিপক্ষে দল গঠনের কৌশল আলোচনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন, কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রইছ উদ্দীন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা এতে উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় খেলোয়াড়দের মধ্য থেকে ১৪ জনকে নির্বাচনের জন্য উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম এ সোহেলকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়।












