সাবেক মন্ত্রীর ছেলে সৈয়দ উপল বখতের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: জাতীয় পার্টির সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতের একমাত্র ছেলে ব্যবসায়ী সৈয়দ উপল বখত (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
৩ আগস্ট দুপুর দেড়টার দিকে ঢাকার আগারগাঁও মেট্রোরেল স্টেশনে পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সোমবার মাগরিবের পর জানাজা শেষে মিরপুর কালশী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের নেতা-কর্মীরা।
জেলা জাতীয় পার্টির শোক: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখতের একমাত্র ছেলে সৈয়দ উৎপল বখতের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি। ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক বিবৃতিতে জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ শেখ আজাহার হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তাঁরা।









