দেবহাটায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প চশমা বিতরণ
সংবাদদাতা: সাতক্ষীরার দেবহাটায় ব্র্যাক সাতক্ষীরা-১ অঞ্চলের (দেবহাটা এলাকা) উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ৭০০ এর অধিক মানুষের মাঝে চশমা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেবহাটা ব্র্যাক অফিসে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতী কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ব্র্যাকের সাউথ ওয়েস্ট ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) জামাল হোসেন এবং সামগ্রিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) শফিউর রহমান খান।
গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের একটি উচ্চপ্রশিক্ষিত ও বিশেষজ্ঞ মেডিকেল টিম আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সমৃদ্ধ এই ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। মেডিকেল টিমের উল্লেখযোগ্য চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ শাহীন ইকবাল, ডা. শেখ আতিক ইকবাল, ডা. সুব্রত কুমার হালদার, ডা. ফরহাদ চৌধুরীসহ মেডিকেল টিমের অন্যান্য সদস্যবৃন্দ।









