মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

পুরোনো ফোনের গতি বাড়াতে করণীয় সহজ ৩ কাজ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
পুরোনো ফোনের গতি বাড়াতে করণীয় সহজ ৩ কাজ

নতুন ফোন হাতে নেওয়ার পর প্রথম কয়েক মাস কেমন রকেটের মতো চলে, তাই না? কিন্তু দিন যত যায়, ফোন যেন ততই বুড়িয়ে যেতে থাকে। একটা সময় এতটাই স্লো হয়ে যায় যে মনে হয়, এবার বুঝি ফোনটা পাল্টানোর সময় চলেই এল।
অবশ্যই, একটা সময় ফোন পাল্টাতেই হয়। বিশেষ করে যখন আপনার ফোনে আর নতুন সফটওয়্যার আপডেট আসে না বা সিকিউরিটি নিয়ে ঝুঁকি তৈরি হয়। তবে আপনি চাইলে বর্তমান ফোনটির আয়ু আরো বেশ কিছুদিন বাড়িয়ে নিতে পারেন।

নতুন ফোন কেনার পেছনে একগাদা টাকা খরচ করার আগে, নিচের এই সহজ উপায়গুলো আপনার পুরোনো ফোনে একবার প্রয়োগ করে দেখুন। হয়তো গতির পার্থক্য দেখে চমকে যাবেন। যেমন-

(১) অপ্রয়োজনীয় অ্যাপের জঞ্জাল কমান
আপনার ফোনে যখন অনেক বেশি অ্যাপ জমে যায়, তখন স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ে ফোনের গতির ওপর। তাই যেসব অ্যাপ আপনি খুব একটা ব্যবহার করেন না, সেগুলো সরিয়ে ফেলাই বুদ্ধিমানের কাজ।

একবার সময় নিয়ে আপনার ফোনে থাকা অ্যাপগুলো দেখুন। খুঁজে বের করুন, কোন অ্যাপগুলো শুধু শুধু আপনার ফোনে ইনস্টল করা আছে। মনে রাখবেন, দরকার হলে এগুলো আপনি পরে আবার ইনস্টল করে নিতে পারবেন, অথবা ব্রাউজার দিয়ে এগুলোর ওয়েব ভার্সনও ব্যবহার করতে পারবেন।

অ্যান্ড্রয়েড ফোনে কোনো অ্যাপ আনইনস্টল করতে হলে হোমস্ক্রিন বা অ্যাপ ড্রয়ারে সেই অ্যাপের ওপর কিছুক্ষণ চেপে ধরুন। এরপর পপ-আপ মেনু থেকে ‘Uninstall’ লেখাটিতে ট্যাপ করুন। কিছু ফোনে অ্যাপটি চেপে ধরে ওপরের দিকে আনইনস্টল বাটনে টেনে নিয়ে যেতে হয়। আর আইফোন ব্যবহারকারীরা অ্যাপ লাইব্রেরিতে গিয়ে নির্দিষ্ট অ্যাপের ওপর চেপে ধরলে ‘Delete App’ অপশন পাবেন, সেটি ক্লিক করে অ্যাপ ডিলিট বা আনইনস্টল করতে পারবেন।

এ ছাড়া অনেক অ্যাপ আছে, যেগুলো আমরা ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এতে ফোনের গতি কমে যায়। আপনি চাইলে এগুলোও বন্ধ করে রাখতে পারেন। এটি বন্ধ করতে অ্যান্ড্রয়েড ফোনের Settings থেকে Apps > See all apps-এ দেখুন। এরপর নির্দিষ্ট একটি অ্যাপ বেছে নিয়ে ‘App battery usage’-এ ট্যাপ করুন। সেখানে ‘Allow background usage’ নামে একটি অপশন পাবেন, সেটি বন্ধ (off) করে দিন।

আর আইফোনে Settings-এ গিয়ে General > Background App Refresh-এ ট্যাপ করুন। এখানে ফোনে থাকা সব অ্যাপের তালিকা দেখতে পাবেন। যেসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলার দরকার নেই, সেগুলোর পাশের সুইচটি বন্ধ করে দিন।

(২) স্টোরেজ বা মেমোরি ফাঁকা করুন
ফোনে যত বেশি জায়গা বা ফ্রি স্টোরেজ থাকবে, আপনার ফোনটি তত বেশি স্বস্তিতে থাকবে। স্বস্তি মানেই দ্রুতগতি। অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেললে কিছু জায়গা তো ফাঁকা হবেই, তবে চাইলে আপনি আরো গভীরে যেতে পারেন।

অ্যান্ড্রয়েড ফোনে ‘Files by Google’ নামের একটি বিল্ট-ইন অ্যাপ থাকে। এটি খুব সহজেই আপনার স্টোরেজ ফাঁকা করতে সাহায্য করবে। অ্যাপটি খুলে ওপরের বাঁ দিকের থ্রি ডটে ক্লিক করুন। এবার ‘Clean’ ট্যাবে ট্যাপ করুন। সেখানে ডুপ্লিকেট ফাইল, স্ক্রিনশট এবং ফোনে থাকা সবচেয়ে বড় সাইজের ফাইলগুলো ডিলিট করার বেশ কিছু চমৎকার পরামর্শ দেখতে পাবেন।

অন্যদিকে, আইফোন ব্যবহারকারীরা Settings থেকে General > iPhone Storage-এ গেলে দেখতে পাবেন ঠিক কোন কোন জায়গায় স্টোরেজ বেশি খরচ হয়েছে। এখানেই স্টোরেজ ফাঁকা করার কিছু দারুণ পরামর্শও দেওয়া থাকে। যেমন, ক্লাউডে অফলোড করে রাখা যায় এমন বড় বড় অ্যাপ ও ফাইলের তালিকা সেখানে পাবেন।

আপনি যদি স্যামসাং গ্যালাক্সি ফোন ব্যবহার করেন, তবে আপনার জন্য আরো একটি বিশেষ উপায় আছে। Settings থেকে Device care > Memory > RAM Plus-এ যান। এই ফিচারটি মূলত আপনার ফোনের কিছুটা স্টোরেজকে অস্থায়ী র‍্যাম বা মেমোরি হিসেবে ব্যবহার করে। আপনি যদি এটি বন্ধ করে দেন, তবে সেই স্টোরেজটুকু আবার ফাঁকা হিসেবে পাবেন।

(৩) ফুল ফ্যাক্টরি রিসেট
ওপরের কোনো কিছুতেই যদি কাজ না হয়, তবে এটি হলো সবচেয়ে চরম পদক্ষেপ। এই কাজটি আপনার ফোনটিকে ঠিক সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, যখন আপনি প্রথমবার বাক্স থেকে এটি বের করেছিলেন। ফুল রিসেট করতে খুব বেশি সময় লাগে না। সত্যি বলতে, কয়েক বছর আগের তুলনায় এই প্রক্রিয়াটি এখন অনেক বেশি সহজ হয়ে গেছে।

রিসেট দিলে আপনার ফোনের সবকিছু মুছে যাবে। ফলে এক নিমেষেই আপনার ফোনে জমে থাকা সমস্ত অপ্রয়োজনীয় অ্যাপ দূর হয়ে যাবে এবং ফোন যতটা সম্ভব লোকাল স্টোরেজ ফিরে পাবে। আপনার ফোনটি একেবারে শূন্য থেকে নতুন করে যাত্রা শুরু করবে। গতির দিক থেকেও আপনি স্পষ্ট পরিবর্তন দেখতে পাবেন।

তবে সাবধান! এই কাজে নামার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ব্যাকআপ। রিসেট করার আগে নিশ্চিত হয়ে নিন, আপনার ফোনের সব দরকারি ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল গুগল ড্রাইভ, আইক্লাউড বা অন্য কোথাও নিরাপদে ব্যাকআপ হিসেবে সেভ করা আছে কি না। একবার নয়, দরকার হলে দুবার চেক করে তারপর রিসেটের দিকে এগোবেন।

অ্যান্ড্রয়েডে রিসেটের ক্ষেত্রে Settings থেকে System > Reset options > Erase all data (factory reset)-এ যান এবং ‘Erase all data’ ক্লিক করুন। আর আইফোনের ক্ষেত্রে Settings থেকে General > Transfer or Reset iPhone > Erase All Content and Settings-এ গিয়ে ‘Continue’ চাপুন। ব্যস, কাজ হয়ে যাবে!

সূত্র: পপুলার সায়েন্স, বিজ্ঞানচিন্তা

Ads small one

তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান

নতুন তথ্য কমিশনকে প্রয়োজনীয় জনবল, বাজেট ও প্রাতিষ্ঠানিক মর্যাদা নিশ্চিত করার দাবি তথ্য অধিকার ফোরামের

তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন এবং নতুন তথ্য কমিশনকে গতিশীল ও শক্তিশালী করতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।

মঙ্গলবার নতুন তথ্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে ফোরামের একটি প্রতিনিধি দল কমিশনের কার্যকর ও স্বাধীনভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা, জনবল, বাজেট ও প্রাতিষ্ঠানিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে।

তথ্য অধিকার ফোরাম মনে করে, নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে তথ্য কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী কমিশন দেওয়ানি আদালতের মতো ক্ষমতা প্রয়োগ করে অভিযোগ অনুসন্ধান, সিদ্ধান্ত প্রদান, জরিমানা আরোপ এবং বিভাগীয় শাস্তির সুপারিশ করতে পারে। এ কারণে কমিশনের কার্যক্রম পরিচালনায় যথাযথ মর্যাদা ও সক্ষমতা নিশ্চিত করা জরুরি।

ফোরামের মতে, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের অপসারণের কারণ ও পদ্ধতি সুপ্রিম কোর্টের বিচারকদের অনুরূপ হওয়া উচিত। তাঁদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের সমতুল্য করার দাবি জানানো হয়েছে। পদমর্যাদার ভিন্নতা জনমনে, বিশেষ করে অভিযোগকারী ও তথ্য সরবরাহকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। পাশাপাশি অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিত করতেও এ ধরনের মর্যাদা প্রয়োজন।

তথ্য কমিশনকে পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা, জনসচেতনতা সৃষ্টি ও বিচারিক কার্যক্রম সম্পাদনে সহায়তার জন্য পর্যাপ্ত জনবল এবং নিয়মিত বাৎসরিক বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে ফোরাম। একই সঙ্গে কমিশনের সাচিবিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তথ্য অধিকার আইন সম্পর্কে সংবেদনশীল ও এ বিষয়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন পূর্ণাঙ্গ সচিব নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিশনকে স্বাগত জানিয়ে তথ্য অধিকার ফোরাম কমিশনের স্বাধীন ও কার্যকর কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম জানান, এসব দাবির সঙ্গে ফোরামের পক্ষ থেকে তিনি ছাড়াও ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, রেজাউল করিম চৌধুরী, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, এইচএম বজলুর রহমান, জাকির হোসেন, ড. অনন্য রায়হান, ব্যারিস্টার সারা হোসেন, রফিকুল ইসলাম খোকন, হাসিবুর রহমান, রুহী নাজ ও হামিদুল ইসলাম হিল্লোল একমত পোষণ করেছেন। প্রেসবিজ্ঞপ্তি

তালা উপজেলা ভূমি অফিসে নতুন এসিল্যান্ডের যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
তালা উপজেলা ভূমি অফিসে নতুন এসিল্যান্ডের যোগদান

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শাহারিয়ার তানভীর আহমেদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পাটকেলঘাটাস্থ উপজেলা ভূমি অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস ধরে এসিল্যান্ড পদটি শূন্য থাকায় তালা ও পাটকেলঘাটার মানুষ ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়ছিলেন। নতুন এসিল্যান্ডের যোগদানে দ্রুত ভূমিসেবা স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
নতুন এসিল্যান্ড শাহারিয়ার তানভীর আহমেদ ভূমিসেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করে জনভোগান্তি কমানোর প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

শ্যামনগরে নারী ও যুবদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
শ্যামনগরে নারী ও যুবদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নারী ও যুবদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এলাকাভিত্তিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সিসিডিবি-শক্তি প্রকল্পের আয়োজনে ২৩ ও ২৪ নভেম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রকল্পের কার্যালয়ে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা প্রশিক্ষণে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২৫ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে নারী দলের ৮ জন, যুবদলের ৮ জন এবং পুরুষ দলের ৯ জন সদস্য ছিলেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক ছিলেন সিসিডিবির পিসিআরসিবি প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খায়রুল আলম। এ সময় প্রকল্পের কর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে স্বল্প পুঁজিতে এলাকাভিত্তিক ব্যবসা পরিচালনা, উপকূলীয় এলাকায় উন্নত প্রযুক্তির ব্যবহার, ব্যবসায়িক পরিকল্পনা এবং আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের বিষয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অংশগ্রহণকারী মো. শাহিনুর আলম বলেন, তিনি মাছের ব্যবসা করলেও আগে কখনো আয়-ব্যয়ের হিসাব রাখতেন না। এ প্রশিক্ষণ থেকে হিসাব সংরক্ষণের গুরুত্ব বুঝতে পেরেছেন। আরেক অংশগ্রহণকারী মহারানী সরদার জানান, ব্যবসা শুরুর আগে পরিকল্পনা তৈরি এবং পরিকল্পনা অনুযায়ী পরিচালনার বিষয়ে তিনি নতুন ধারণা পেয়েছেন। এমন প্রশিক্ষণের আয়োজন করায় তিনি সিসিডিবির শক্তি প্রকল্পকে ধন্যবাদ জানান।