‘বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন সাতক্ষীরার সুদীপ্ত
নিজস্ব প্রতিনিধি: সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। ‘ইয়ুথ লিডার’ ক্যাটাগরিতে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
শনিবার রাজধানীর বিজয়নগরের ইআরএফ অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল বিজনেস কমিউনিকেশন ফোরাম (আইবিসিএফ) ও স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
সুদীপ্ত দেবনাথ ২০২২ সাল থেকে শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু নির্যাতন রোধসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত রয়েছেন। এর আগে তিনি ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫’-এর জন্যও মনোনীত হয়েছিলেন।
অনুষ্ঠানে দেশীয় শিল্প, বাণিজ্য, সংস্কৃতি, প্রযুক্তি ও মিডিয়াসহ নানা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ৩০ জনকে এই সম্মাননা দেওয়া হয়। স্টার বাংলাদেশ মিডিয়ার সিইও খন্দকার আরিফুর রহমান ও কো-অর্ডিনেটর সাথী আক্তার হীরাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।









