শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

লাইনের শেষে ন্যায্যতা নেই: তেলের পাম্পের বাস্তবতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
লাইনের শেষে ন্যায্যতা নেই: তেলের পাম্পের বাস্তবতা

সচ্চিদানন্দ দে সদয়
তেলের পাম্প-নগর ও গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আধুনিক অর্থনীতির এই গুরুত্বপূর্ণ অবকাঠামো কেবল জ্বালানি সরবরাহের কেন্দ্র নয়; বরং এটি রাষ্ট্রীয় শৃঙ্খলা, বাজার ব্যবস্থাপনা এবং নাগরিক আচরণেরও এক প্রতিচ্ছবি। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে এই পাম্পগুলো ঘিরে যে চিত্র ফুটে উঠছে, তা উদ্বেগজনক এবং একই সঙ্গে গভীরভাবে চিন্তার বিষয়। ‘জোর যার, মুল্লুক তার’-এই প্রবাদের মতোই কোথাও কোথাও পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে ক্ষমতা, প্রভাব এবং পরিচয়ের দাপট। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ যখন নিয়ম মেনে অপেক্ষা করছেন, তখন কেউ কেউ বিশেষ সুবিধা নিয়ে সামনে চলে যাচ্ছেন। কেউ প্রতিবাদ করছেন, কেউ চুপ থাকছেন। আর এই নীরবতাই ধীরে ধীরে অন্যায়ের স্বাভাবিকীকরণ ঘটাচ্ছে। একটি সমাজে যখন নিয়মের চেয়ে প্রভাব বড় হয়ে ওঠে, তখন সেটি আর কেবল একটি ছোটখাটো অনিয়ম থাকে না; তা হয়ে ওঠে কাঠামোগত অবক্ষয়ের ইঙ্গিত। তেলের পাম্পে এই ধরনের আচরণ আপাতদৃষ্টিতে ক্ষুদ্র মনে হলেও এর প্রভাব বহুমাত্রিক। সময় নষ্ট, যানজট বৃদ্ধি, সাধারণ মানুষের ভোগান্তি-এসব তো আছেই, পাশাপাশি তৈরি হচ্ছে এক ধরনের সামাজিক বৈষম্য, যেখানে শক্তিশালী ব্যক্তি নিয়মের বাইরে দাঁড়িয়ে যান। অনেক সময় অভিযোগ ওঠে, কিছু পাম্পে জ্বালানি বিতরণেও অনিয়ম হয়-পরিমাপে কারচুপি, নির্ধারিত দামের বাইরে বিক্রি, কিংবা সংকট তৈরি করে কৃত্রিম চাপ সৃষ্টি করা। যদিও সব পাম্পের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, তবুও কিছু ব্যতিক্রমই পুরো ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করার জন্য যথেষ্ট। প্রথমত, নজরদারির ঘাটতি। বাজার তদারকি প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে না পারলে অনিয়ম বাড়ে। দ্বিতীয়ত, সামাজিক প্রতিরোধের অভাব। সাধারণ মানুষ অন্যায় দেখেও চুপ থাকেন, কারণ প্রতিবাদ করলে হয়রানি বা ঝামেলার আশঙ্কা থাকে। তৃতীয়ত, কিছু ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়াও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই তিনটি উপাদান মিলেই তৈরি হচ্ছে এক ধরনের “নীরব নৈরাজ্য”-যেখানে আইন আছে, নিয়ম আছে, কিন্তু তার প্রয়োগ দুর্বল। অন্যদিকে, এই সমস্যার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মনস্তাত্ত্বিক। যখন একজন সাধারণ মানুষ বারবার দেখে যে নিয়ম ভাঙা ব্যক্তিই দ্রুত সুবিধা পাচ্ছে, তখন তার ভেতরেও এক ধরনের হতাশা ও নিষ্ক্রিয়তা তৈরি হয়। এটি দীর্ঘমেয়াদে সামাজিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ধীরে ধীরে “আমি কেন নিয়ম মানব?”-এই প্রশ্নটি স্বাভাবিক হয়ে ওঠে। এভাবেই ছোট ছোট অনিয়ম একসময় বড় সামাজিক অসুস্থতায় রূপ নেয়। তেলের পাম্পে শৃঙ্খলা ভাঙার পেছনে কেবল ব্যক্তিগত অনিয়ম নয়, বরং একটি বড় প্রশাসনিক শিথিলতার চিত্রও স্পষ্ট হয়ে ওঠে। নিয়ম-কানুন আছে, নির্দেশনা আছে, এমনকি তদারকি সংস্থাও রয়েছে-তবুও মাঠপর্যায়ে তার প্রতিফলন অনেক ক্ষেত্রেই দুর্বল। ফলে তৈরি হচ্ছে এক ধরনের “নিয়ন্ত্রণহীন নিয়ন্ত্রিত ব্যবস্থা”-যেখানে কাগজে-কলমে শাসন আছে, বাস্তবে আছে ঢিলেঢালা প্রয়োগ। জ্বালানি খাত এমন একটি সংবেদনশীল খাত, যেখানে সামান্য অনিয়মও বড় আকারের প্রভাব ফেলতে পারে। কিন্তু অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে নিয়মিত মনিটরিংয়ের ঘাটতি, আকস্মিক পরিদর্শনের অভাব এবং জবাবদিহির দুর্বল কাঠামো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে যেসব অনিয়ম শুরুতে ছোট পরিসরে ঘটে, তা ধীরে ধীরে স্বাভাবিক আচরণে পরিণত হচ্ছে। অনেক সময় দেখা যায়, অভিযোগ দিলেও তা দ্রুত নিষ্পত্তি হয় না। তদন্ত হয় ধীরগতিতে, এবং অনেক ক্ষেত্রে ফলাফল সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। এই দীর্ঘসূত্রতা একদিকে যেমন অপরাধীদের সাহস বাড়ায়, অন্যদিকে ভুক্তভোগীদের আস্থাহীন করে তোলে। ফলে তারা আর অভিযোগ করতেও আগ্রহী হন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থানীয় প্রভাব ও ক্ষমতার ভারসাম্যহীনতা। কিছু এলাকায় প্রভাবশালী গোষ্ঠীর উপস্থিতি এমনভাবে কাজ করে যে, নিয়ম প্রয়োগে প্রশাসনও অনেক সময় চাপের মুখে পড়ে। এতে করে আইন প্রয়োগের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এবং সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় এক ধরনের অসহায়ত্ব। জ্বালানি তেলের বাজারব্যবস্থায় আরেকটি সমস্যা হলো তথ্যের স্বচ্ছতার অভাব। কখন কোথায় কতটুকু সরবরাহ হলো, কী দামে বিক্রি হচ্ছে, বা কী কারণে সংকট তৈরি হচ্ছে-এসব তথ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয়। এই তথ্যগত অস্পষ্টতা গুজব ও অবিশ্বাসকে আরও উসকে দেয়। এখানে একটি বিষয় স্পষ্ট-শুধু আইন থাকলেই হয় না, তার কার্যকর প্রয়োগই আসল বিষয়। শৃঙ্খলা তখনই প্রতিষ্ঠিত হয়, যখন নিয়ম ভাঙার পরিণতি নিশ্চিত ও দ্রুত হয়। কিন্তু যখন শাস্তি অনিশ্চিত বা বিলম্বিত হয়, তখন অনিয়মই এক ধরনের “বিকল্প নিয়ম” হয়ে দাঁড়ায়। এই বাস্তবতায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। তারা একদিকে যেমন সময় ও অর্থ হারান, অন্যদিকে ধীরে ধীরে রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর আস্থা হারাতে শুরু করেন। এটি দীর্ঘমেয়াদে সামাজিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। তেলের পাম্পকেন্দ্রিক অনিয়মের সবচেয়ে গভীর দিকটি শুধু প্রশাসনিক নয়-এটি সামাজিক মানসিকতারও প্রতিফলন। এখানে একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী স্তর কাজ করে, যাকে অনেক ক্ষেত্রেই বলা যায় “গ্রাম্য পাতি নেতা সংস্কৃতি”। স্থানীয় পর্যায়ে কিছু মানুষ নিজেদের প্রভাব, পরিচয় বা রাজনৈতিক ছায়াকে ব্যবহার করে এমন এক ক্ষমতার বলয় তৈরি করেন, যা নিয়মের ওপরে ব্যক্তিকে প্রতিষ্ঠিত করে। এই পাতি নেতৃত্বের প্রভাব অনেক সময় সরাসরি প্রশাসনের নির্দেশের বিরুদ্ধেও চাপ সৃষ্টি করে। পাম্পে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা, সারি ভাঙা, কিংবা অনিয়মকে “ম্যানেজ” করে ফেলা-এসবই কখনো কখনো স্থানীয় প্রভাবশালীদের অঘোষিত অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়। ফলে আইন নয়, সম্পর্কই হয়ে ওঠে সিদ্ধান্তের মানদ-। অন্যদিকে সাধারণ মানুষ এই পুরো ব্যবস্থার ভেতরে এক ধরনের মানসিক অসহায়ত্বে ভোগেন। তারা জানেন নিয়ম ভাঙা হচ্ছে, কিন্তু প্রতিবাদ করার মতো সামাজিক বা কাঠামোগত নিরাপত্তা তারা পান না। প্রতিবাদ করলে ঝামেলা বাড়তে পারে-এই আশঙ্কা অনেককে নীরব করে দেয়। এই নীরবতাই ধীরে ধীরে অন্যায়কে আরও শক্তিশালী করে তোলে। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এটি এক ধরনের “নীরব সম্মতি”। অর্থাৎ সরাসরি সমর্থন না থাকলেও প্রতিবাদের অভাব অন্যায়কে টিকে থাকতে সাহায্য করে। তেলের পাম্পে দাঁড়িয়ে থাকা একজন সাধারণ মানুষের দীর্ঘশ্বাস শুধু ব্যক্তিগত কষ্ট নয়-এটি একটি ভাঙা সামাজিক চুক্তির প্রতিচ্ছবি। গ্রাম্য পাতি নেতা সংস্কৃতি এখানে আরেকটি বিপজ্জনক প্রবণতা তৈরি করে-ক্ষমতার ব্যক্তিকরণ। যেখানে নিয়ম বা প্রতিষ্ঠান নয়, ব্যক্তি-সম্পর্কই মুখ্য হয়ে ওঠে। এই ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কাঠামো ধীরে ধীরে রাষ্ট্রীয় শৃঙ্খলার বিকল্প ছায়া-ব্যবস্থা তৈরি করে, যা অনেক সময় আনুষ্ঠানিক আইনকেও দুর্বল করে দেয়। ফলে তেলের পাম্পের মতো সাধারণ একটি স্থানে দাঁড়িয়ে থাকা লাইনও আর শুধু জ্বালানি নেওয়ার লাইন থাকে না-তা হয়ে ওঠে ক্ষমতা, প্রভাব এবং সামাজিক অসমতার এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। তবুও প্রশ্ন থেকে যায়-এই অবস্থা কি অপরিবর্তনীয়? উত্তর হলো, না। পরিবর্তন সম্ভব, তবে তার জন্য প্রয়োজন দুইটি দিকের শক্তিশালী ভূমিকা। প্রথমত, প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা; দ্বিতীয়ত, সামাজিক সাহস তৈরি করা। সাধারণ মানুষ যদি সম্মিলিতভাবে ন্যায্যতার পক্ষে দাঁড়াতে পারে, তবে “জোর যার মুল্লুক তার” সংস্কৃতি ধীরে ধীরে দুর্বল হতে বাধ্য। তেলের পাম্পে অনিয়ম, প্রভাবশালী দৌরাত্ম্য এবং সাধারণ মানুষের নীরব অসহায়ত্ব-এই পুরো চিত্রটি কেবল একটি খাতের সমস্যা নয়, বরং বৃহত্তর সামাজিক শৃঙ্খলার সংকটের প্রতিচ্ছবি। তবে এই পরিস্থিতি অমোচনীয় নয়। সঠিক উদ্যোগ, কার্যকর নজরদারি এবং নাগরিক সচেতনতা-এই তিনটি উপাদান একসঙ্গে কাজ করলে পরিবর্তন সম্ভব। প্রথমত, প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা জরুরি। জ্বালানি খাতে নিয়মিত ও আকস্মিক তদারকি জোরদার করতে হবে। পাম্পে মূল্য তালিকা, পরিমাপ যন্ত্র এবং বিক্রয় প্রক্রিয়া নিয়মিতভাবে যাচাই করতে হবে। অনিয়ম ধরা পড়লে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না থাকলে নিয়ম শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে। দ্বিতীয়ত, ডিজিটাল মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা যেতে পারে। বিক্রয় তথ্য, স্টক এবং সরবরাহ ব্যবস্থা যদি স্বচ্ছ ডিজিটাল প্ল্যাটফর্মে থাকে, তাহলে অনিয়মের সুযোগ অনেকাংশে কমে আসে। স্বচ্ছতা কেবল প্রশাসনিক দক্ষতা বাড়ায় না, বরং জনগণের আস্থাও পুনরুদ্ধার করে। তৃতীয়ত, স্থানীয় প্রভাবশালী বা “পাতি নেতা” সংস্কৃতির নিয়ন্ত্রণ জরুরি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইন ও নিয়মের বাইরে বিশেষ সুবিধা নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এখানে প্রশাসনের নিরপেক্ষ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন প্রয়োগে যদি সামান্যও পক্ষপাত দেখা যায়, তবে পুরো ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। চতুর্থত, ভোক্তা অধিকার সচেতনতা বাড়াতে হবে। সাধারণ মানুষ যদি নিজের অধিকার সম্পর্কে সচেতন না হন, তাহলে অনিয়ম সহজেই চলতে থাকে। অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা, দ্রুত প্রতিকার এবং ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিত করা গেলে মানুষ ধীরে ধীরে সাহসী হয়ে উঠবে।
পঞ্চমত, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। নীরবতা অনেক সময় অন্যায়ের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। একজন প্রতিবাদ করলে ঝুঁকি থাকতে পারে, কিন্তু সম্মিলিত প্রতিবাদ সেই ঝুঁকি কমিয়ে আনে। সমাজ যদি ন্যায্যতার পক্ষে দাঁড়ায়, তবে অনিয়ম টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক পরিবর্তন। “এভাবেই চলে”-এই স্বাভাবিকীকরণ ভাঙতে হবে। অন্যায়কে মেনে নেওয়া কোনো সমাধান নয়; বরং তা সমস্যাকে দীর্ঘস্থায়ী করে তোলে। তেলের পাম্পের মতো সাধারণ একটি জায়গায় যদি ন্যায্যতা প্রতিষ্ঠা না হয়, তাহলে বৃহত্তর অর্থনীতির প্রতি আস্থা দুর্বল হয়ে পড়ে। কারণ প্রতিদিনের জীবনে মানুষ যখন নিয়ম ভাঙতে দেখে, তখন রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর তার বিশ্বাসও ধীরে ধীরে ক্ষয়ে যায়। অতএব, এই সংকটের সমাধান শুধু প্রশাসনের হাতে নয়, সমাজের প্রতিটি স্তরের অংশগ্রহণ প্রয়োজন। রাষ্ট্র, প্রশাসন এবং নাগরিক-এই তিনটি স্তর একসঙ্গে কাজ করলে “জোর যার মুল্লুক তার” সংস্কৃতি বদলানো সম্ভব।শেষ পর্যন্ত প্রশ্ন একটাই-আমরা কি নীরব দর্শক হয়েই থাকব, নাকি ন্যায্যতার পক্ষে দাঁড়িয়ে একটি শৃঙ্খল সমাজ গড়ব? উত্তর নির্ভর করছে আমাদের সম্মিলিত অবস্থানের ওপর। লেখক: সংবাদ কর্মী

দাহন ও প্রশান্তির মিলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
দাহন ও প্রশান্তির মিলন

জহুরুল হক জুলু
ভালোবাসা কোনো শৃঙ্খলিত জীবন নয়,
এ এক মুক্ত আকাশ-
যেখানে স্মৃতির পাখিরা উড়ে বেড়ায়
নীরবতার অসীম পরিসরে।

এটি এক অদৃশ্য অর্ঘ্য,
যা আত্মার গভীরে নিবদ্ধ থাকে,
যেমন শিশিরবিন্দু—
পত্রপল্লবের সবুজে নতজানু হয়ে
ক্ষণস্থায়ী হয়েও রেখে যায়
চিরস্থায়ী দীপ্তি।

বিদায়ের সাথে সাথে ভালোবাসা বিলুপ্ত হয় না,
কিন্তু প্রকৃত সত্য-
এটি কেবল অবয়ব পরিবর্তন করে,
পরিণত হয় এক নিঃশব্দ সংগীতে
যা শ্রুতিহীন তবু শ্রাব্য,
এক অদৃশ্য আলোকরেখায়
যা দৃশ্যহীন তবু পথপ্রদীপ।

যখন তুমি জানালায় দাঁড়িয়ে
বৃষ্টির নেমে আসা দেখবে,
মনে পড়বে—
সে একদিন এমনই নেমে এসেছিল
তোমার জীবনে বিস্ময়ের অগ্নি নিয়ে,
শান্তির জলের স্রোতে
দাহন ও প্রশান্তির এক অনির্বচনীয় মিলন।

সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: পৃথক অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দু’জেলে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: পৃথক অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দু’জেলে উদ্ধার

 

পত্রদূত ডেস্ক: সুন্দরবনে পৃথক দু’টি অভিযানে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা ২ জেলেকে উদ্ধার এবং অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। আটক ডাকাতদলের সদস্যের নাম তরিকুল (৩৫)। সে কয়রা থানার বাসিন্দা। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সকল বনদস্যুর বিরুদ্ধে কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্টগার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দু’টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর অংশ হিসেবে সুন্দরবনের বিভিন্নস্থানে পৃথক দু’টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে র্দুর্ধষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা একটি মাছ ধরার নৌকাসহ ২জন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর একজন সদস্যকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, গত ১৫ এপ্রিল মোংলা থানাধীন জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন স্থানে মাছ ধরতে গিয়ে ২ জন জেলে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হয়। ডাকাতরা তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়।
পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১৬ এপ্রিল বিকেল ৪টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক মুর্তি খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ১টি কাঠের নৌকাসহ ২জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পাশাপাশি, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত দয়াল বাহিনী শ্যামনগর থানাধীন হোগলডরা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল ৬টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি একনলা বন্দুক, ৯ রাউন্ড তাজা কার্তুজসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সদস্য তরিকুলকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল। আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

রৌদ্রের শক্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
রৌদ্রের শক্তি

 

শহীদুল্লা হক ভূইয়া
ভোরের আভায় ভেদ করে আজ
উঠল বোশেখ রোদ,
খুশির আমেজ কমনা কিছু
উদয় হলো বোধ!

রোদ’ত নয় আর সূর্যের মূকুট
সৃষ্টি সুখের মূল,
বাংলা নববর্ষ এলো
মনের দুয়ার খুল।

মানব মনের ক্ষনিক প্রাণে
উল্লাসিত মন,
রৌদ্র দ্বগ্ধ অগ্রাহ্য করে
ছুটছে সারাক্ষণ।